খেলা নিয়ে ঝগড়ার জের ধরে মাদ্রাসার এক অধ্যক্ষকে খুনের মামলায় কিশোরগঞ্জে ছেলের মৃত্যুদণ্ড ও বাবার যাবজ্জীবন কারাদণ্ড এবং উভয়কে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হোসেনপুরের জিনারি গ্রামের মানিক মিয়া (৩৫), আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মানিকের বাবা নূরুল করিম (৬১)। আজ ৩ ফেব্রুয়ারি বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজের প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় প্রদান করেন। রায়ের সময় বাবা নূরুল করিম কাঠগড়ায় উপস্থিত থাকলেও ছেলে মানিক মিয়া পলাতক রয়েছেন। নিহত মৌলানা আমিনুল হক পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল উপজেলার মহেষকুড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, খেলাকে কেন্দ্র করে মানিক মিয়ার সঙ্গে মহেষকুড়া আলিম মাদ্রাসার কয়েকজন ছাত্রের ঝগড়া হয়। এর জের ধরে ২০০৯ সালের ১৪ ডিসেম্বর বিকালে অধ্যক্ষ মৌলানা আমিনুল হকের ছেলে রক্সি পার্শ্ববর্তী হোসেনপুরের গাবরগাঁও গ্রাম থেকে প্রাইভেট পড়ে ফেরার পথে নূরুল করিম তাকে রাস্তা থেকে ধরে নিয়ে মারপিট করে বাড়িতে আটকে রাখেন। খবর পেয়ে অধ্যক্ষ আমিনুল হক মোটরসাইকেলে চড়ে আসামিদের বাড়ির সামনে পৌঁছামাত্র নূরুল করিমের নির্দেশে তার ছেলে মানিক মিয়া অপর কয়েকজনকে নিয়ে আমিনুল হকের ওপর হামলা চািলয়ে তার বুকে ছুরিকাঘাত করেন। এর তিনদিন পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছোটভাই ফজলুল হক বাদী হয়ে চারজনকে আসামি করে হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গোয়েন্দা বিভাগ মামলাটির তদন্ত করে এবং ২০১১ সালের ১৮ মে এসআই মুশফিকুর রহমান দণ্ডিত পিতা-পুত্রের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আজ বুধবার প্রদত্ত রায়ে ছেলের মৃত্যুদণ্ড ও বাবার যাবজ্জীবন করাদণ্ড এবং উভয়ের দুই লাখ টাকা করে জরিমানার আদেশ হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রউফ।