ভৈরবে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরুর লক্ষ্যে টিকাদানকর্মী ও স্বেচ্ছাসেবকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ ৩ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খোর্শেদ আলম। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাফি উদ্দিন ও মেডিকেল অফিসার (রোগতত্ত্ব) ডা. রিয়াসাদ আজিম বিন আলম উপস্থিত ছিলেন।
কর্মশালার প্রথম দিন আজ স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ জন সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফি নার্স, সাব-কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা পরিদর্শিকারা অংশ নেন। আগামীকাল অংশ নিবেন আরও ২০ জন স্বেচ্ছাসেবী।
কর্মশালায় টিকার রক্ষণাবেক্ষণ, টিকাদান, টিকাগ্রহণের পর পার্শ্বপ্রতিক্রিয়া হলে এর করণীয় ইত্যাদি বিষয়ে সম্যক জ্ঞান দেওয়া হয়। এছাড়াও যেকোনো গুজব মোকাবেলায় সতর্কতাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়েও পরামর্শ দেওয়া হয়।
আগামী ৭ ফেব্রুয়ারি রোববার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। পৌর শহরের কমলপুরস্থ ২০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টারে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকা দেওয়া হবে। প্রথম ডোজ হিসেবে ৯ হাজার ৮শ ৩৫ জনকে টিকা প্রদান করা হবে।