আগামী ১৪ ফেব্রুয়ারি করিমগঞ্জ, হোসেনপুর ও বাজিতপুর পৌরসভার নির্বাচন। এ উপলক্ষে আজ ৩ ফেব্রুয়ারি বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে তিন পৌরসভার প্রার্থীদের সঙ্গে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভা করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ, বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার দীপ্তিময়ী জামান ও করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম।
জেলা প্রশাসক তার বক্তৃতায় সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেছেন, কোন বিশৃংখলার সুযোগ নেই। প্রতি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। নির্বাচনী এলাকায় সংক্ষিপ্ত বিচার কাজের জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। জাতীয় নির্বাচনের চেয়ে এই নির্বাচনে অনেকে বেশি ফোর্স থাকবে। পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে। নির্বাচন কমিশন স্বাধীন। আমরা সকল সংস্থা কমিশনকে সহযোগিতা করি। গত নির্বাচন উৎসবমুখর হয়েছে। কিন্তু অনেকে সুষ্ঠু ভোটের মধ্যেই সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছেন। তিনি প্রার্থীদের নির্বাচনের পর সময়মত নির্বাচনী ব্যয়ের রিটার্ন জমা দেবার আহবান জানিয়ে বলেন, বিজয়ী হবার পরও সময়মত রিটার্ন জমা না দেবার কারণে ফল বাতিল করার নজির আছে। তিনি ভোটের দিন সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, এজেন্টদের মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে যাবার নিয়ম নেই। তারপরও অনেকে মোবাইল ফোন ব্যবহার করে বাইরে বিরূপ সংবাদ পাঠিয়ে উত্তেজনা তৈরি করেন। অনেক সময় অতি উৎসাহী সমর্থকরাও গোলমাল সৃষ্টি করেন। এর দায়দায়িত্ব বর্তায় প্রার্থীদের ওপর। সবাইকে গণতান্ত্রিক মানসিকতা নিয়ে জয়-পরাজয় মেনে নিতে হবে। তিনি বলেন, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসের দিন নির্বাচন হচ্ছে। কাজেই সবার মাঝে যেন ভালবাসার পরিবেশ বজায় থাকে, ভালবাসা দিবসের যেন অসম্মান না হয়, সর্বোপরি মহান ভাষা আন্দোলনের মাসের প্রতি যেন অসম্মান না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। সেই সঙ্গে বর্তমান করোনা পরিস্থিতির দিকেও খেয়াল রাখার আহবান জানিয়েছেন।
তিন পৌরসভার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তাবৃন্দ। -পূর্বকণ্ঠ
পুলিশ সুপার বলেছেন, নির্বাচনকালীন সময়ে আমরা নির্বাচন কমিশনের অধীন। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে যে পরিমাণ ফোর্স দেয়ার কথা বলা আছে, এর দ্বিগুণ ফোর্স দেয়া হয়েছে। চারটি কেন্দ্র মিলে একটি মোবাইল টিম থাকার কথা থাকলেও একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে তিনটি কেন্দ্র মিলে একটি মোবাইল টিম থাকবে। রাত ৮টার পর যেন কেউ মাইক ব্যবহার না করেন, সেদিকে সচেতন থাকার জন্যও তিনি প্রার্থীদের আহবান জানিয়েছেন। সবাইকে নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে চলতে হবে। পুলিশ কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেবে। আপনারাও আইন মানবেন। তিনি বলেন, ইভিএম-এ ভোটাররা সন্তুষ্ট। এটি খুব সহজ পদ্ধতি। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিশৃংখলা হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন। আইন শৃংখলা বাহিনীকে তিনটি সময়ের দিকে খেয়াল রেখে সাজানো হয়। নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়। কেউ মোবাইলে বা ফেসবুকে উত্তেজনা ছড়ালে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আইন শৃংখলা বাহিনীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের কাছে জানানো যাবে।
সভায় বাজিতপুর পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আনোয়ার হোসেন আশরাফ বলেছেন, এখন পর্যন্ত বাজিতপুরে কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। কেউ অভিযোগ করলে সেটা উদ্দেশ্য প্রণোদিত। তার প্রতিদ্বন্দ্বি বিএনপি দলীয় প্রার্থী সাবেক মেয়র এহসান কুফিয়া অভিযোগ করেছেন, তার প্রচার মাইক কেড়ে নেয়া হয়েছে। একজন সমর্থকের বাড়িতে নির্বাচনী বৈঠক করার সময় বাধা দেয়া হয়েছে। এক পর্যায়ে আবেগজড়িত কন্ঠে তার প্রার্থিতা বাতিল করার আহবান জানিয়েছেন। করিমগঞ্জ পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ সুমন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আস্থা প্রকাশ করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশের দাবি জানিয়েছেন।