• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে হাওরের উৎপাদক ও ব্যবসায়ীদের সংযোগ গড়ে তুলতে সভা

কিশোরগঞ্জে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের উদ্যোগে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) কর্মকর্তা পিটার এগ্নিউ। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে হাওরের
উৎপাদক ও ব্যবসায়ীদের
সংযোগ গড়ে তুলতে সভা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে হাওরের উৎপাদক ও ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপন করে লাভজনক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের উদ্যোগে একটি মতবিনিময় সভা হয়েছে। আজ ২ ফেব্রুয়ারি মঙ্গলবার জেলা শহরের খামারবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) কর্মকর্তা পিটার এগ্নিউ, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল আলম, বিএডিসির (বীজ বিপনন) উপ-পরিচালক হুমায়ুন কবীর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. হারুন অর রশিদ, অধ্যাপক ড. জুলফিকার রহমান, অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার, অধ্যাপক ড. গুলজারউল আলম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জহুরা, বেসরকারী সংস্থা ফ্যামিলি টাইসের নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকি, পোল্ট্রি খামারি রফিকুল ইসলাম প্রমুখ।
ফাও কর্মকর্তা পিটার এগ্নিউ বলেন, সবাই কোভিড পরিস্থিতিকে ভালভাবে সামাল দিয়ে কাজ করছেন। হাওরের উন্নয়নে জাপান সরকার সহায়তা করছে। আগামী দুই বছর কাজ করবেন। তিনি হাওরের উৎপাদন ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নে ফাও সহায়তা করে যাবে বলে মন্তব্য করেছেন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেছেন, আজকের সভার কর্মসূচী অনুযায়ী হাওরে কাজ করলে উপকার আসবে। তিনি কৃত্রিম চাষাবাদের মাছের খাবারে যে পরিমাণ শীসা বা এন্টিবায়োটিক থাকে, তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন। এ ব্যাপারে বাজার মনিটরিং করা দরকার বলে উল্লেখ করেছেন। তিনি হাওরের বাজারগুলোতে কোভিড পরিস্থিতি মেনে চলার তাগিদ দিয়েছেন। এর জন্য বাজারের বিভিন্ন পণ্যের মহালগুলি এমনভাবে সাজানোর আহবান জানিয়েছেন, যেন প্রয়োজনীয় পণ্য কিনে অন্য কোন মহালের ভেতর দিয়ে বের হতে না হয়। তিনি পরামর্শ দিয়ে বলেন, শারীরিকভাবে কোভিড মোকাবেলায় সক্ষম থাকার জন্য জিংক, ক্যালসিয়াম, ভিটামিন-এ, ভিটামিন-সি, ভিটামিন-ডি খেতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। অর্থাৎ অসুস্থ হওয়ার আগেই শরীরকে সবল করে তুলতে হবে। আর বাইরে গেলে মাস্ক পরা, সময় সময় ২০ সেকেন্ড পর্যন্ত সাবান দিয়ে হাত ধৌত করা, বাইরে থেকে বাসায় ফেরার পর সাবান দিয়ে ভালভাবে গোসল করা এবং পরিধেয় বস্ত্রগুলো সাবান দিয়ে ধুয়ে ফেলার পরামর্শ দিয়েছেন।
কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক সাইফুল আলম বলেন, এক সময় দেশের ৮৫ ভাগ মানুষ কৃষির সঙ্গে যুক্ত ছিলেন। এখন যুক্ত আছেন ৪১ ভাগ। অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত পণ্য শরীরের জন্য নিরাপদ। অথচ অর্গানিক আর রাসায়নিক পদ্ধতিতে উৎপাদিত পণ্যের দাম বাজারে একই। তিনি নিরাপদ কৃষি পণ্যের বিপনন কর্ণার স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি উন্নত জাতের ফসলের কারণে উৎপাদন অনেক বেড়েছে উল্লেখ করে বলেন, এখন বাংলাদেশ দানাদার খাদ্যে উদ্বৃত্ত। তবে হাওরে সময়মত ফসল কাটার ওপর গুরুত্বারোপ করে বলেন, ২০১৭ সালে আগাম বন্যায় ফসল বিনষ্ট হয়েছিল। এছাড়া হাওরের কৃষকরা স্থান সঙ্কুলানের অভাবে ফসল কাটার মৌসুমে ধান ভালভাবে শুকাতে পারেন না। এর জন্য হাওরে পর্যাপ্ত সংখ্যক চাতাল নির্মাণ করতে পারলে কৃষকরা উপকৃত হতেন বলে মন্তব্য করেছেন।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. নজরুল ইসলাম বলেন, একজন মানুষকে দৈনিক ১২০ গ্রাম মাংশ এবং সপ্তাহে দু’টি ডিম খাওয়ার কথা চিন্তা করলে কিশোরগঞ্জ এদিক থেকে স্বয়ংসম্পূর্ণ। তবে জেলায় দুধ সংগ্রহ কেন্দ্র নেই। যে কারণে কৃষকরা দুধের উপযুক্ত দাম পান না, দুধ সংরক্ষণ করেও রাখতে পারেন না। তিনি পোল্ট্রির বিষ্ঠা মাছের খাবার হিসেবে ব্যবহার না করে এগুলি দিয়ে বায়োগ্যাস প্লান্ট করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, পুকুরের ওপর পোল্ট্রি খামার যাতে কেউ করতে না পারে, এর জন্য ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এখন আর এরকম চিত্র তেমন নেই। পোল্ট্রি, মৎস্য এবং প্রাণী সম্পদের খাবারের আমদানি শুল্কমুক্ত করা দরকার বলে উল্লেখ করেন। তিনি হাওরে মাছের অভয়াশ্রম গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।
বিএডিসির উপ-পরিচালক হুমায়ুন কবীর বলেন, এবার রবি মৌসুমে হাওরে বিভিন্ন ফসলের ৬ হাজার ৩শ’ টন বীজ সরবরাহ করা হয়েছে। এর মধ্যে বোরো ধানের বীজ দেয়া হয়েছে ৫ হাজার ৩শ’ টন। তবে এবার কয়েক দফায় বন্যা হবার কারণে হাওরের পানি অন্তত ১৫-২০ দিন বিলম্বে নেমেছে। যে কারণে বোরো চাষাবাদও পিছিয়েছে। এছাড়া ডিসেম্বরে তাপমাত্রা কিছুটা কম ছিল, আর জানুয়ারিতে তাপমাত্রা বেশ কম ছিল। তাপমাত্রাতার এরকম তারতম্য ফসলের ক্ষতি করে।
অন্যান্য উদ্যোক্তগণ বলেন, অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত মাছ বা অন্যান্য কৃষি পণ্য যেন কিছুটা বেশি দামে বাজারজাত করা যায়, এর জন্য প্রচারণা ও উদ্বুদ্ধকরণ দরকার। তারা শিল্পকারখানার মূল্যে ফিসারি ও পোল্ট্রিতে বিদ্যুতের দাম রাখার সমালোচনা করে বলেন, চাষাবাদের সেচের ক্ষেত্রে যে মূল্যে বিদ্যুৎ দেয়া হয়, মৎস্য এবং পোল্ট্রিতেও একই মূল্যে বিদ্যুৎ দেয়া উচিত। তা না হলে এসব পণ্যের উৎপাদন অলাভজনক হয়ে পড়ে। তারা পোল্ট্রি এবং মাছের খাবারের দাম কমানোরও দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *