কিশোরগঞ্জে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড এবং প্রকল্প উপস্থাপনের ওপর পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম অলিম্পিয়াডে জুনিয়ার গ্রুপের বিজয়ী ৫ জন আর সিনিয়র গ্রুপের বিজয়ী ৫ জনের হাতে সনদ ও বই তুলে দেন। এছাড়া জুনিয়র গ্রুপে বিজয়ী তিনটি প্রকল্প, সিনিয়র গ্রুপে বিজয়ী তিনটি প্রকল্প এবং বিশেষ গ্রুপে বিজয়ী দু’টি প্রকল্পের জন্যও পুরস্কার প্রদান করেছেন। জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ২৬ থেকে ২৮ জানুয়ারি অনলাইনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কার্যক্রম পরিচালতি হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম তার আলোচনায় বলেন, এখন বিজ্ঞান আর শিল্প বিপ্লবের ধারণার মধ্যে ধারণাগত অনেক পরিবর্তন এসেছে। এখন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের যুগ চলছে। প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেছিলেন, তখন অনেকেই কম্পিউটার, ল্যাপটপ আর মোবাইল ফোনসহ কেবল ডিজিটাল উপকরণের প্রসারের কথা ভেবেছিলেন। আসলে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়াকেই ডিজিটাল বাংলাদেশ ভাবতে হবে। প্রধানমন্ত্রী সেটাই করে দেখিয়েছেন। এখন দেশে ৬ লাখ ফ্রিল্যান্সার আছেন। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। অনেকগুলোতে বিদেশিরা বিনিয়োগ করবে। কিশোরগঞ্জে ৫ একর জায়গার ওপর আইটি পার্ক হচ্ছে। এখানে অনেকেই ডিজিটাল প্রযুক্তির ওপর প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা যেন কোন বিষয়ে নির্ভয়ে প্রশ্ন করতে পারে, এরকম একটি পরিবেশ তৈরি করতে হবে। ভুল প্রশ্নও যদি করে আর শিক্ষকরা যদি তিরস্কার করেন, তাহলে শিক্ষার্থীরা শেখার জন্য কোন প্রশ্নই করবে না। তারা কিছু শিখতেও পারবে না। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা, পৌর মহিলা কলেজের অধ্যক্ষ ও বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব শরীফ আহমেদ সাদী, সরকারি মহিলা কলেজের শিক্ষক নূরে আলম মাহী ও জেলা প্রেস ক্লবের সভাপতি মোস্তফা কামালসহ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মোস্তাক আহেমদ জয়, নাফিসা আনজুম খান, ওয়াসি বিন আনোয়ার মাহী ও মোবারক হোসেন।
অলিম্পিয়াডে অংশ নেয়া মোট ৪২টি প্রতিষ্ঠানের মধ্যে জুনিয়র গ্রুপের অলিম্পিয়াডে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হয়েছে পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী যথাক্রমে মাহবুবা সুলতানা কলি, সুমাইয়া আকতার বীথি, মোস্তাক আহমেদ জয় ও তাহমিনা আক্তার স্বর্ণা এবং পঞ্চম হয়েছে সদর উপজেলার আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. ওয়াসিম হোসেন। সিনিয়র গ্রুপের অলিম্পিয়াডে প্রথম হয়েছেন জেলা সদরের সরকারি গুরুদয়াল কলেজের ছাত্রী নাফিসা আনজুম খান, দ্বিতীয় হয়েছেন পাকুন্দিয়া মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী তাহমিনা আক্তার মিতু, তৃতীয় হয়েছেন পাকুন্দিয়া সরকারি কলেজের ছাত্র মো. আব্দুল্লাহ, চতুর্থ হয়েছেন সরকারি গুরুদয়াল কলেজের ছাত্রী আয়শা সিদ্দিকা মুন ও পঞ্চম হয়েছেন একই কলেজের ছাত্রী সামিরা সুমাইয়া।
জুনিয়র গ্রুপে ‘দ্য মাইটিয়েস্ট’ প্রকল্প উপস্থাপন করে প্রথম হয়েছে জেলা সদরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ওয়াসি বিন আনোয়ার মাহী ও ফারাজ রহমান খান। ‘ইলেক্ট্রনিক হ্যান্ড স্যানিটাইজার’ উপস্থাপন করে দ্বিতীয় হয়েছে জেলা সদরের হয়বতনগর এ.ইউ কামিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান ও মো. আরমান। আর ‘কোভিড-১৯ সার্ভিসিং রোবট মডেল’ উপস্থাপন করে তৃতীয় হয়েছে ইটনার থানেশ্বর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. আরিফুর রহমান ও মো. মাশরাফী।
সিনিয়র গ্রুপে ‘নবায়নযোগ্য পরিকল্পিত আবাসিক এবং বাণিজ্যিক এলাকা (মডেল) এবং একই সাথে প্লাস্টিক ও পলিথিন পুড়িয়ে পেট্রল ও জ্বালানী তৈরি’ প্রকল্প উপস্থাপন করে প্রথম হয়েছেন হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শরফুদ্দিন আলম ভান্ডারী। জেলা সদরের পৌর মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী নিশাত ইয়াসমিন ‘স্বল্প খরচে পরিবেশ বান্ধব জৈব বালাইনাশক তৈরি’ প্রকল্প উপস্থাপন করে দ্বিতীয় হয়েছেন। আর ‘প্রাকৃতিক উপাদান থেকে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতি’ প্রকল্প উপস্থাপন করে তৃতীয় হয়েছেন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মো. হাসিবুল হাসান। এছাড়া বিশেষ গ্রুপে ‘ডিজিটাল মাস্ক’ প্রকল্প উপস্থাপন করে প্রথম হয়েছেন সদর উপজেলার কালিয়ারকান্দা এলাকার ই,এস.এম ইলেক্ট্রনিক ল্যাব-এর মাহফুজুল হাসান নাঈম। আর ‘করোনা প্রতিরোধক মাস্ক’ প্রকল্প উপস্থাপন করে দ্বিতীয় হয়েছেন তরুণ বিজ্ঞানী মোবারক গবেষণাগার ও বিজ্ঞান ক্লাবের মোবারক হোসেন।