ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের খাসহাওলা গ্রামের বাড়ি-ঘরের উপর দিয়ে পল্লীবিদ্যুতের উচ্চ ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন নেওয়ার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ করেছে গ্রামবাসী।
আজ ১ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পাশে খাসহাওলা-ভৈরব সংযোগ সড়কে এই কর্মসূচি পালন করে। ওইসব কর্মসূচিতে গ্রামের কয়েকশ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় তাঁরা দাবি করেন, কভারবিহিন উচ্চ ক্ষমতার (৩৩ হাজার ভোল্ট) এই সঞ্চালন লাইন তাঁদের গ্রামের বাড়ি-ঘরের উপর দিয়ে যাওয়ায় তাঁরা দুর্ঘটনার আশংকা করছেন। ঝড়-তুফানে এই তার ছিঁড়ে গেলে অথবা গাছের ডাল-পালা ভেঙ্গে পড়লে বিদ্যুতায়িত হয়ে প্রাণহানীর ঘটনা ঘটবে। তাই তাঁদের দাবি, এই সঞ্চালন লাইনটি তাদের বাড়ি-ঘরের উপর দিয়ে না নিয়ে, জমির আইল ধরে নিলে তারা স্বস্তি পেতেন।
এ সময় বক্তারা জানান, ইতোমধ্যে গ্রামের দুই শতাধিক লোকজন স্বাক্ষরিত একটি আবেদনপত্র স্থানীয় উপজেলা প্রশাসনসহ পল্লীবিদ্যুৎ সমিতির কুলিয়ারচর ও মরজাল জোনাল অফিসে দেওয়া হয়েছে। অনুলিপি দেওয়া হয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে।
বিক্ষুব্ধ গ্রামবাসী এ সময় দাবি করেন, অতিদ্রুত তাদের এই দাবি না মানা হলে তারা ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। পরে একটি বিক্ষোভ মিছিল গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।