• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে চলছে ভাষার বিকৃতি আর অবমাননা

ওপরে বিকৃত বানানে লেখা ছাতার ইংরেজি নাম। নীচে ইংরেজি বর্ণে লেখা বাংলা নাম। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে চলছে ভাষার
বিকৃতি আর অবমাননা

# মোস্তফা কামাল :-

আজ শুরু হচ্ছে মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলার ছাত্র সমাজ মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। শহীদ হয়েছিলেন রফিক, শফি, জব্বার, বরকতেরা। অথচ সেদিনের মহান ভাষা আন্দোলনের এত বছর পরও সমাজের সর্বস্তরে বাংলা ভাষাকে সমহিমায় প্রতিষ্ঠা করা যায়নি। ফেব্রুয়ারি মাস আসলে এ নিয়ে অনেক আলোচনা হয়, মনের আকুতি প্রকাশ পায়। কিন্তু ফেব্রুয়ারি যেতেই আবার সেগুলি স্তিমিত হয়ে সব আগের মত হয়ে যায়।
কিশোরগঞ্জে অনেক প্রতিষ্ঠানের নামকরণের সাইনবোর্ডের দিকে তাকালে বাংলা ভাষার প্রতি অবজ্ঞা, অবহেলা আর বিকৃতির চেহারা স্পষ্ট হয়ে ওঠে। কোথাও ইংরেজিতে নামকরণ, কোথাও ইংরেজি বর্ণে বাংলা নামকরণ, আবার কোথাও বাংলা বর্ণে ইংরেজি নামকরণ। এমনকি বানান বিকৃতির মত মুর্খতা অথবা ধৃষ্টতাও চোখে পড়ে। খোদ জেলা শহরেই এরকম প্রচুর দৃশ্য চোখে পাড়ে। শহরের ঈশাখাঁ সড়কের একটি পোষাকের দোকানের নাম রাখা হয়েছ ইংরেজি বর্ণমালায় ‘এমব্রেলা’। নামের ওপরে একটা ছাতার অবয়বও রয়েছে। বোঝাই যায়, ছাতার ইংরেজি নামে দোকানটির নাম রাখা হয়েছে। কিন্তু বানানটা একেবারেই বিকৃত করে ফেলা হয়েছে। এটা কেবল বাংলা ভাষার প্রতি অবজ্ঞা নয়, অন্য একটি ভাষার বিরুদ্ধেও অপরাধ সংঘটনের সামিল। এই দোকানের উল্টোদিকেই অন্য একটি পোষাকের দোকানের পোষাকি নাম রাখা হয়েছে ‘দর্জি বাড়ি’। নামটার মধ্যে এক ধরনের দেশজ বা লোকজ ভাব রয়েছে। কিন্তু নামটা ইংরেজি বর্ণে লেখা হয়েছে। অনেকের প্রশ্ন, নামটা বাংলায় রেখে ইংরেজি বর্ণে লেখার যুক্তি কি? এটা কি বিদেশীদের পড়ার সুবিধার জন্য লেখা হলো। তাই যদি হয়, বিদেশিরা কি ইংরেজি বানানে বাংলা নামের অর্থ বুঝতে পারবে? তাহলে এ ধরনের ফুটানির প্রয়োজন কি? পুরো শহরে এরকম আরো বহু দোকান বা প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে এ ধরনের বিভ্রাট রয়েছে। অথচ উচ্চ আদালত থেকে বাংলা ভাষায় সাইনবোর্ড লেখার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেয়া আছে। এটা আমাদের ভাষা শহীদ ও ভাষা আন্দোলনের প্রতি অবমাননা ছাড়া কিছু নয় বলে কেউ কেউ মন্তব্য করেছেন।
কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আজিজুল হক বলেছেন, বাংলা ভাষা নিয়ে এ ধরনের বিকৃতি, অবজ্ঞা ও অবহেলা মহান ভাষা আন্দোলন এবং ভাষা শহীদদের প্রতি চরম অবমাননা। এর অবসান হওয়া দরকার। তা না হলে ভাষা আন্দোলন এবং ভাষা শহীদদের মহান আত্মত্যাগ নিরর্থক হয়ে যাবে। কেউ কেউ ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নেওয়া বা অন্য কোন প্রতিষ্ঠানের নিবন্ধন নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব বিষয়ে নজর দেয়া উচিত বলেও মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *