কিশোরগঞ্জে প্রসূতি ও মাতৃত্বসেবা এবং শিশুস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সমন্বয় কমিটির সভা হয়েছে। আজ ৩১ জানুয়ারি রোববার সকালে জেলা সদরের জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নাঈমা আফরোজ, শিশু বিশেষজ্ঞ সুবির নন্দী প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহা মো. এনামুর রহমান, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. হাবিবুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, মেডিক্যাল অফিসার ডা. জহির আহমেদ তালুকদার, জেলা ব্র্যাক সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএনএফপিএ প্রতিনিধি ডা. সাদিয়া জাহান ও ডা. রুবাইদা ইসলাম পাওয়ার পয়েন্টে প্রসূতিসেবা, শিশুস্বাস্থ্য, জরায়ু ক্যান্সার, স্তন ক্যান্সার ও যৌন সহিংসতাসহ বিভিন্ন জটিল রোগ বিষয়ে গৃহীত কার্যক্রম ও নিরাময় বিষয়ে ধারণা তুলে ধরেন। তারা জানান, জরায়ু ও স্তন ক্যান্সার প্রাথমিকভাবে শনাক্ত করা গেলে চিরতরে আরোগ্য সম্ভব। কিন্তু জটিল অবস্থায় উপনীত হলে মৃত্যুও হতে পারে। এমনকি বিয়ের আগেও জরায়ু ক্যান্সার হতে পারে বলে জানানো হয়। কাজেই এ বিষয়ে কোন গোপনীয়তা অবলম্বন না করে কিছুদিন পর পর ভায়া পরীক্ষার মাধ্যমে ক্যান্সারের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য সকলের প্রতি আহবানা জানানো হয়েছে।
প্রসূতি ও শিশুস্বাস্থ্য কার্যক্রম পরিদর্শনের চিত্র। – পূর্বকণ্ঠ
জেলায় ১৭টি ভায়া ক্যাম্প হয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন। সেখানে জরায়ু ক্যান্সার নিশ্চিত হওয়ার জন্য স্ক্রিনিং করা হয়। এখন মাতৃত্বকালীন মৃত্যু রোধে কাজ করা হচ্ছে বলেও সভায় জানানো হয়েছে। সিভিল সার্জন জানান, নিরাপদ প্রসবের জন্য এখন ‘পার্টোগ্রাফি’ পদ্ধতি অনুসরণ করা হয়। অর্থাৎ, প্রসব বেদনার সময় কিছুক্ষণ পর পর প্রসূতির পরিস্থিতি পর্যবেক্ষণ করে নোট করে রাখা হয়। এর দ্বারা স্বাভাবিক না কি সিজারিয়ান প্রসব করাতে হবে, সে সম্পর্কে আগে থেকেই একটা ধারণা নেয়া যায়।