কিশোরগঞ্জ পৌরসভার স্থগিত হয়ে যাওয়া ওয়ালি নেওয়াজ খান কলেজ কেন্দ্রের ভোটগ্রহণ আগামীকাল শনিবার। গত ১৬ জানুয়ারি এ পৌরসভার ২৮টি কেন্দ্রের মধ্যে ওয়ালি নেওয়াজ খান কলেজের পূর্ব ভবনের তিনতলার কেন্দ্রে সংঘটিত অপ্রীতিকর ঘটনার জের ধরে ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়েছিল। ওই কেন্দ্রে ভোটার আছেন ১,৮৫২ জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। তবে বাকি ২৭ কেন্দ্রের ভোটে মেয়র পদে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া ধানের শীষ প্রতীকের বিএনপির মেয়র প্রার্থী হাজী মো. ইসরাইল মিয়ার তুলনায় ৪৮৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। ২৭ কেন্দ্রে পারভেজ মিয়া পেয়েছেন ২০ হাজার ৯২২ ভোট, আর ইসরাইল মিয়া পেয়েছেন ২০ হাজার ৪৩৮ ভোট।
এদিকে আগামীকাল কটিয়াদী পৌরসভায়ও নির্বাচন। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, পিএনপি এবং স্বতন্ত্র মিলিয়ে ৫ জন মেয়র প্রার্থী নির্বাচন করছেন। ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৮ জন, আর ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১১ জন। এই পৌরসভায় ভোটার আছেন মোট ৩০ হাজার ৪৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭৩৬ জন, আর মহিলা ভোটার আছেন ১৫ হাজার ৩৭৩ জন। ১৪টি কেন্দ্রের ৮৪টি কক্ষে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্ত ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম।