কিশোরগঞ্জের তিনটি হাওর উপজেলা ইটনা, মিঠামইন আর অষ্টগ্রাম যুগের পর যুগ ছিল যোগাযোগ অবাকাঠামোর দিক থেকে আদিম যুগে। কোন সড়ক অবকাঠামো ছিল না। ছিল না কোন ইঞ্জিনচালিত যানবাহনও। ফলে যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে ‘বর্ষায় নাও, শুকনোয় পাও’ দর্শন ছিল হাওরাঞ্চলের যোগাযোগ চিত্র। অপর হাওর উপজেলা নিকলীর সঙ্গে অনেক বছর আগেই জেলা সদরের সড়ক যোগযোগ গড়ে উঠলেও অন্য তিন উপজেলা ছিল আদিম যুগের পর্যায়েই। এই তিন উপজেলা থেকে কোন মানুষ জেলা সদরে অফিস আদালতের কাজে গেলে আগের দিন যেতে হতো। আবার কাজ সেরে হাওরে ফিরতে হতো আরো একদিন পর। এমনই ভোগান্তির জীবন ছিল হাওরবাসীর।
তবে মিঠামইনের তৃণমূল থেকে উঠে আসা হাওরাঞ্চলের বরপুত্র বরেণ্য রাজনীতিক বর্তামান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্পিকার হওয়ার পর থেকে হাওরের যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিক জীবনচিত্র ক্রমান্বয়ে পাল্টানোর উদ্যোগ নিতে থাকেন। আর রাষ্ট্রপতি হবার পর সেই উদ্যোগে যেন তুমুল গতিবেগ সঞ্চারিত হয়। নির্মাণ করা হয় ৩০ কিলোমিটার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সংযোগ সড়ক। যাকে বলা হয় ‘অলসিজন রোড’ বা ‘অল ওয়েদার’ রোড। আর পর্যটনমূল্য সমৃদ্ধ এই দৃষ্টিনন্দন সড়কপথ দেখার জন্য গতবছর থেকে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ। তবে এই তিন উপজেলার মধ্যে এখন সড়কপথে মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে যাতায়াত করা গেলেও জেলা সদরের সঙ্গে কোন সড়ক সংযোগ গড়ে ওঠেনি। যে কারণে ভোগান্তি অনেকটা রয়েই গেল। যদিও বিস্তীর্ণ হাওরের বুক জুড়ে রয়েছে বহু আরসিসি ডুবো সড়ক বা সাবমার্জেবল রোড। এসব সড়ক বর্ষাকালে নিমজ্জিত থাকে, আর শুষ্ক মৌসুমে ইঞ্জিনচালিত যানবাহন হাওরের অভ্যন্তরে চলাচল করে। নাগচিন্নি নদীর তীরে গড়ে উঠেছে করিমগঞ্জের চামড়া নৌবন্দর, যাকে ‘হাওরের দ্বার’ বলা হয়ে থাকে। এর অদূরে ধনু নদীর তীরে রয়েছে বালিখলা আর বড়িবাড়ি ঘাট। ফলে ডুবো সড়কে ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করলেও নদী পেরিয়ে এসব যানবাহন জেলা সদরে যাতায়াত করতে পারতো না। রাষ্ট্রপতির উদ্যোগে গত বছর চামড়া নৌবন্দর, বালিখলা, বড়িবাড়ি, মিঠামইন সদরের অদূরে কালনী নদীর ঘাট এবং বাজিতপুরের পাটলি ঘাট এলাকায় নদীর দুই পাড়ে ফেরিঘাট নির্মাণ করে সেখানে সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে ফেরি চলাচল চালু করা হয়েছে। আর ফেরি সার্ভিস গতবছর ২৬ জানুয়ারি উদ্বোধন করেন জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি।
এখন প্রতিদিন দিনে অন্তত তিন থেকে চারবার ইঞ্জিনচালিত যানবাহন নিয়ে হাওরের যে কোন উপজেলা আর জেলা সদরের মধ্যে যাতায়াত করা যায়। মালামাল নিয়ে ট্রাক, ট্রাক্টর, জিপ, প্রাইভেট কার, সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেলসহ নানা রকম যানবাহন এখন ফেরিতে পারাপার হচ্ছে। ফেরির এক ঠিকাদার জানালেন, বালিখলা ঘাটের ফেরি অগ্রহায়ণ মাস থেকে আগামী বর্ষাকাল পর্যন্ত এক মৌসুমের জন্য লিজ হয়েছে ২০ লাখ টাকায়। চামড়া ঘাটের ফেরি লিজ হয়েছে ১৬ লাখ টাকায়। আর বড়িবাড়ি ঘাটের ফেরি লিজ হয়েছে ১৪ লাখ টাকায়। মাল বোঝাই ট্রাকের ফেরি ভাড়া ২০০ টাকা, খালি ট্রাকের ভাড়া ১০০ টাকা। জিপ বা প্রাইভেট কারের ভাড়া ৮০ টাকা, অটো বা সিএনজির ভাড়া ১৫ টাকা, আর মোটরসাইকেলের ভাড়া ১০ টাকা।
মিঠামইনের কাটখাল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম জানিয়েছেন, ফেরি সার্ভিস চালু হবার কারণে হাওরবাসীর অনেক উপকার হয়েছে। বিশেষ করে বালিখলা আর মিঠামইনের ফেরি ব্যবহার করে এ উপজেলার জনগণ এখন অনেক কম সময়ে জেলা শহরসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারছেন। মিঠামইন হয়ে ইটনা এবং অষ্টগ্রামের মানুষও সহজে যাতায়াত করতে পারছেন। অষ্টগ্রামের বাসিন্দা মন্তোষ চক্রবর্তী জানিয়েছেন, বাজিতপুরের পাটলি এলাকায় ফেরি সার্ভিস চালু হবার কারণে অষ্টগ্রামবাসীর যাতায়াত সুবিধা এখন কল্পনাতীত। এখন জেলা শহর বা রাজধানী থেকে ফিরে কেউ পাটলি ঘাটের ফেরি থেকে নেমে ইঞ্জিনচালিত যানবাহনে ৪০ মিনিটে অষ্টগ্রাম সদরে চলে যোতে পারছেন।