কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বৈরি প্রাকৃতিক পরিবেশে বিপন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ফলমূল ও শাকসবজি উৎপাদন কৌশল নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জেলার তিনটি হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে জীবনমান উন্নয়নে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) উদ্যোগে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর আওতায় গতকাল ২৭ জানুয়ারি বুধবার বিকালে ইটনার শিমুলবাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আক্কাস আলী, ইনস্টিটিউটের জেলা উপকেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন এবং ফাওয়ের প্রতিনিধি কৃষিবিদ রেহানা পরভীন বক্তব্য রাখেন। হাওরের দ্বীপসদৃশ গ্রামগুলোর স্বল্প পরিসর জায়াগার ওপর কিভাবে বছরে তিনবার নানারকম শাকসবজির বাগান করা যায়, কিভাবে কি নিয়মে ফল গাছ রোপন করতে হয়, এসব বিষয় নিয়ে তারা ধারণা দেন। অনুষ্ঠানে ১৫ জন কৃষকের মাঝে বারি মাল্টা-১, বারি আম-৩, বারি লেবু-৩, বারি নারিকেল-১, বারি জলপাই-১, বারি লটকন-১, বারি কাগজি লেবু-১, বারি কাজি পেয়ারা, বারি বাতাবি লেবু-১ এবং জামের চারা বিতরণ করা হয়। এ ছাড়া ১৫ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের সার এবং ১৫ জন কৃষকের মাঝে কেঁচো সার উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়েছে।