কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি ক্রমেই স্বস্তির দিকে এগিয়ে যাচ্ছে। আজ ২৭ জানুয়ারি বুধবার আবার দুই ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষায় নতুন কারো করোনা শনাক্ত হয়নি। তবে সদর ও বাজিতপুরে ২ জন করে সুস্থ হয়েছেন। আজ জেলার ১৩ উপজেলার মধ্যে কুলিয়ারচর, নিকলী, ইটনা এবং মিঠামইনে কোন করোনা রোগি নেই। হোসেনপুর, করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া, কটিয়াদী, বাজিতপুর এবং অষ্টগ্রামে রোগি আছেন মাত্র একজন করে। আর ভৈরবে রোগি ১১ জন এবং সদরে ৪ জন। অর্থাৎ আজ জেলায় মোট চিকিৎসাধীন রোগি আছেন মাত্র ২২ জন। ২৫ জানুয়ারিও দুই ল্যাবে ৭৮টি নমুনা পরীক্ষায় কোন নতুন রোগি শনাক্ত হয়নি।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষায় কোন নতুন রোগি শনাক্ত হয়নি। তবে দু’জন পুরনো রোগির নমুনা পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩৯টি নমুনা। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৩২টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ পর্যন্ত জেলায় নমুনা সংগৃহীত হয়েছে ৩৩ হাজার ৯৮৮টি। এর মধ্যে আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৫ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৫০ জন। জেলায় আজ পর্যন্ত মারা গেছেন ৬৩ জন। আজ পর্যন্ত জেলায় সুস্থতার হার শতকরা ৯৭ দশমিক ৬০ ভাগ, আর মৃত্যু হার শতকরা ১ দশমিক ৭৮ ভাগ।