ভৈরবের ফুটপাতে বসা সাপ্তাহিক হাটে ১০ থেকে ১২ কোটি টাকার তৈরি পোষাক বিক্রি হয়। দুই যুগেরও বেশী সময় ধরে ভৈরব বাজার এলাকার বেশ কয়েকটি সড়কের ফুটপাতে বসছে এই হাট। দেশের বিভিন্ন এলাকার মিনি কারখানার মালিকরা তাদের তৈরি দেশীয় নানা পোষাকের পসরা নিয়ে বসেন এখানে। সেইসব পোষাক বৃহত্তর ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ইত্যাদি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা পাইকারী কিনে নিজ নিজ এলাকায় নিয়ে বিক্রি করে থাকেন।
এই হাটকে কেন্দ্র করে এখানে বিপুল লোকের সমাগম ঘটে। তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন পেশার বহু লোকের কর্মসংস্থান। কিন্তু সাম্প্রতিক সময়ে যানজট আর চুরি-ছিনতাইয়ে নাকাল এখানকার ক্রেতা-বিক্রেতারা। ব্যবসায়ীদের এইসব অভিযোগ স্বীকার করে হাটের ইজারাদার সহায়তা চেয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসনসহ পৌর কর্তৃপক্ষের।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, দুই যুগেরও বেশী সময় ধরে ভৈরব বাজারের নদীর পাড়, বাগানবাড়ি, ছবিঘর সিনেমা হল রোড, কাচারী রোড, ভৈরবপুর দক্ষিণপাড়া, জিল্লুর রহমান শহর রক্ষাবাঁধ সড়কের বিশাল এলাকা জুড়ে বসছে দেশে তৈরি নানা পোষাকের হাট। মঙ্গলবার বিকাল থেকে বিভিন্ন যানবাহনে করে কাপড় বোঝাই করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ইত্যাদি জেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র কারখানার মালিক ও প্রতিনিধিরা তাদের তৈরি বাহারী পোষাক নিয়ে হাজির হন এখানে। বসে পড়েন বিভিন্ন সড়ক ও অলিগলিতে। কেনা-বেঁচা চলে রাত থেকে বুধবার দুপুর অবধি।
এখানকার ক্রেতা-বিক্রেতারা জানান, বৃহত্তর ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা আসেন এ হাটে। তারা পাইকারী দরে পোষাক কিনে নিয়ে যান। বিক্রি করেন নিজ নিজ এলাকায়।
ভৈরবের সাথে এসব এলাকার, সড়ক, নৌ ও রেলপথের অপূর্ব যোগাযোগ ব্যবস্থার কারণে খুব সহজে যাতায়াত করতে পারেন। আর ওইসব এলাকায় বিশাল জনগোষ্ঠির বসবাসের কারণে তৈরি পোষাকের চাহিদাও বেশ। ফলে এখানে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য ব্যবসাবান্ধব একটি পরিবেশ তৈরি হওয়ায় তারা বেশ লাভবান হচ্ছেন।
কিন্তু সাম্প্রতিক সময়ে শহরের ভেতরে রিকশাসহ নানা যানবাহন প্রবেশের কারণে তীব্র যানজটের তৈরি হচ্ছে। এতে করে ফুটপাতের এইসব ক্রেতা-বিক্রেতাদের সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া মালামাল পরিবহণেও দেখা দিচ্ছে জটিলতা।
অন্যদিকে প্রায় প্রতি সপ্তাহে বেশ কয়েকটি চুরি, ছিনতাই ও পকেট মারের ঘটনায় ক্রেতা-বিক্রেতাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেক সময় ব্যবসায়ীরা এইসব দুর্বৃত্তদের কাছে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে ফিরতে হচ্ছে।
যানজটসহ চুরি-ছিনতাই ও পকেট কাটার বিষয় স্বীকার করে হাটের ইজারাদারদের প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান জানান, যোগাযোগসহ ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হওয়ায় এখানকার এই ব্যবসার প্রসার ঘটছে দিনে দিনে। অর্থনৈতিক উন্নয়নসহ কর্মসংস্থানের তৈরি হয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি আছে স্বীকার করে তিনি পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করেন।