ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে বিভিন্ন ট্রেনের ৬৩টি টিকেটসহ জহিরুল ইসলাম (৩৬) নামে এক কালোবাজারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদসস্যরা। আটক জহিরুল পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের মৃত হাফিজ মিয়া ওরুফে অলফত মিয়ার ছেলে।
আজ ২৫ জানুয়ারি সোমবার তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
র্যাব জানায়, ২৪ জানুয়ারি রোববার সন্ধ্যায় র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশনের ১নং ফটকের সামনে অভিযান পরিচালনা করে জহিরুল ইসলামকে ৬৩টি টিকেটসহ আটক করে।
আটক আসামিকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া স্বীকারোক্তির বরাতে র্যাব আরও জানায়, সে দীর্ঘদিন যাবত ভৈরব রেলওয়ে স্টেশনে বিভিন্ন ট্রেনের টিকেট কালোবাজারীর মাধ্যমে অতিরিক্ত মূল্যে বিক্রয় করে আসছে।