ভৈরবে ত্রিভূজ প্রেমের জেরে নবী হোসেন (৩৫) নামে এক প্রেমিক খুন হওয়ার ঘটনায় আদালতে অপর প্রেমিক ও প্রেমিকার ফাঁসি এবং দুই লাখ টাকা করে জরিমানার রায় হয়েছে। দণ্ডিতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজেশ্বর গ্রামের মোহন পাঠান আজাদের মেয়ে সুমনা বেগম শিলা (২৮) এবং একই গ্রামের বিয়ের কাজী (নিকাহ রেজিস্ট্রার) নজরুল ইসলাম (৩৫)। খালাস পেয়েছেন অপর দুই আসামি ভৈরবের নরসিংহপুরের আশরাফুল ইসলাম রাসেল (৩৮) এবং ভৈরবপুর উত্তরপাড়ার মো. শরীফ মিয়া (৪৮)। ভিকটিম নবী হোসেন আসামি সুমনার খালাত ভাই হতেন। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজের ১নং আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আজ ২৫ জানুয়ারি সোমবার এ রায় ঘোষণা করেন। রায়ের সময় সুমনা পলাতক থাকলেও অপর তিন আসামি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় শুনে নজরুল ইসলাম ও তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ভিকটিম নবী হোসেন পেশায় একজন কবিরাজ ছিলেন বলে জানা গেছে।
আদালত চত্বরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল ইসলামের কান্নারত স্বজনরা। -পূর্বকণ্ঠ
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভৈরবপুর উত্তরপাড়ার ভিকটিম নবী হোসেন তার খালাত বোন সুমনা বেগম শিলাকে স্ত্রী সাজিয়ে ভৈরবের চণ্ডিবের এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে নবী হোসেনের বাড়িতে বিলকিস বেগম নামে বিয়ে করা স্ত্রীও রয়েছেন। এদিকে সুমনা তার অপর প্রেমিক নজরুল ইসলামের সঙ্গেও সম্পর্ক রাখতেন। এর জের ধরে ২০১৪ সালের ২২ ডিসেম্বর গভীর রাতে সুমনা তার প্রেমিক নজরুল ইসলামের সহায়তায় ভৈরবের ভাড়া বাসায় নবী হোসেনকে জবাই করে হত্যা করে দেহ থেকে চাপাতি দিয়ে মাথা ও হা-পা বিচ্ছিন্ন করে তিনটি পৃথক জায়গায় বস্তাবন্দি করে ফেলে রাখেন। ২৪ ডিসেম্বর এক ব্যক্তির মোবাইল ফোনে খবর পেয়ে ভৈরব থানার এসআই হুমায়ুন কবীর রাত সাড়ে ১০টার দিকে মেঘনা নদীর পাশে একটি ডোবা থেকে নবী হোসেনের মাথা ও হাত-পা ছাড়া বস্তাবন্দি দেহ উদ্ধার করেন। এরপর বেড়ি বাঁধ এবং নাটালের মোড় এলাকা থেকে বিচ্ছিন্ন মাথা ও হাত-পা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে ভৈরব থানায় হত্যা ও লাশ গুমের ঘটনায় মামলা রুজু করেন। ২৬ ডিসেম্বর আশরাফুল ইসলাম রাসেলকে গ্রেফতার করার পর ২৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বর গ্রাম থেকে সুমনা ও নজরুলকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পরে সুমনাকে নিয়ে ভৈরবের ভাড়া বাসা থেকে খুনে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়। সুমনা আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যাকাণ্ডের বর্ণনাও দিয়েছেন।
মামলাটি পরবর্তীতে সিআইডি’র কাছে হস্তান্তর করা হলে উপ-পরিদর্শক নয়ন মিয়া ২০১৬ সালের ২৭ জানুয়ারি আদালতে উপরোক্ত চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আর কিশোরগঞ্জের তৎকালীন সিনিয়র জেলা ও দায়রা জজ বর্তমানে হাইকোর্টের বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম ২০১৬ সালের ২৪ জুলাই চারজনের বিরুদ্ধে এ মামলার অভিযোগ গঠন করেন। আজ সোমবার এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষিত হলো। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম, আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জহিরুল হক।