ভৈরবে বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দরিদ্র ও কর্মহীন, জেন্ডার এন্ড সেক্সওয়েলী ডাইভার্স পিপুলস্ এর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২৫ জানুয়ারি সোমবার বেলা ১১টায় কমলপুর বন্ধু সোস্যাল ওয়েলফেয়ারের কার্যালয়ে জার্মান ডক্টরস্ এর অর্থায়নে ও আইসিডিডিআরবি এর সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ বিতরণ করা হয়। সংখ্যালঘু ও হিজরাদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির সাব ডিআইসি ইনচার্জ মো. মাসুম মিয়া, মেডিকেল এসিস্ট্যান্ড ডা. আতাবুর রহমানসহ সংগঠনের পিএ-পিইগণ। এ সময় হিজরা জনগোষ্ঠির মধ্যে উপস্থিত ছিলেন, হিজরা গুরু শান্তি বালা, কাজলী ও কল্পনা।
জানা যায়, কোভিড-১৯ প্রকোপে সারা বিশ্বসহ বাংলাদেশ যখন করোনা মহামারি ঝুঁকিতে তখন এর সুরক্ষার উপায় হিসেবে বাংলাদেশ সরকারের নির্দেশে অধিকাংশ জায়গায় লকডাউন করা হয়। এতে মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করতে শুরু করে। মানুষকে মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করলেও তৃতীয় লিঙ্গের হিজরা সম্প্রদায় ও সংখ্যালঘুরা হয়ে পড়ে অসহায়। এমতাবস্থায় জার্মান ডক্টরস্ এর অর্থায়নে এবং আইসিডিডিআরবি এর সার্বিক তত্ত্বাবধানে বন্ধু সোস্যাল ওয়েল ফেয়ার সোসাইটি দরিদ্র ও কর্মহীন হিজরা ও সংখ্যালঘুদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে তাদের উদ্যোগ গ্রহণ করে। আরো জানা যায়, গত জুলাই মাসে হিজরা ও সংখ্যালঘুদের এক মাসের খাবার বিতরণ করা হয়েছিল। একইভাবে আজ ভৈরবে হিজরা ও সংখ্যালঘু পরিবারের মাঝে এক মাসের খাবার বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির সাব ডিআইসি ইনচার্জ মো. মাসুম মিয়া বলেন, বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি ১৯৯৬ সাল থেকে সারা বাংলাদেশে ২৭টি শাখা নিয়ে হিজরা ও সংখ্যালঘুদের সাথে কাজ করছে। বিশেষ করে এইচআইবি এইডস্ রোগীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। এইচআইবি এইডস্ এর সচেতনতায় এই কার্যক্রম চলমান রয়েছে। গত জুলাই মাসে সারা বাংলাদেশে ৪টি বিভাগ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে বিভিন্ন জেলা উপজেলায় ২ হাজার ৭শ হিজরা ও সংখ্যালঘু পরিবারের মাঝে এক মাসের খাবার বিতরণ করা হয়। এমনিভাবে এ মাসে সারা বাংলাদেশে ২ হাজার ৬৪০ জন পরিবারের মাঝে একমাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। কোভিড-১৯ মুহুর্তে হিজরা ও সংখ্যালঘুদের আর্থিক অবস্থা লাঘব করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভৈরবে ৮০ জন হিজরা ও সংখ্যালঘুদের মাঝে আজ চাল, ডাল, পেঁয়াজ, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরো হিজরা ও সংখ্যালঘুদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।