• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ঘন কুয়াশায় বিপাকে খেটে খাওয়া মানুষজন

ভৈরবে ঘন কুয়াশায়
বিপাকে খেটে খাওয়া মানুষজন

# মো. আল আমিন টিটু :-

কিশোরগঞ্জের ভৈরবে শীতের শেষ সময়ে গেল প্রায় ১৫ দিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে উপজেলাটির সড়ক, মাঠ ও ঘাট। একই সঙ্গে বইছে হিমেল হাওয়া। ফলে ঠাণ্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এছাড়াও কনকনে ঠাণ্ডার কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষজন। বিশেষ করে সমাজের ছিন্নমুল ও ভাসমান মানুষজন সীমাহীন দুর্ভোগে পড়েছে। শহরের কোথাও কোথাও আগুন জ্বালিয়ে কেউ কেউ শীত নিবারণের চেষ্টা করছেন। তাই সমাজের বিত্তবানসহ বিভিন্ন মহল এবং বিভিন্ন সংগঠনকে শীতে উষ্ণতা ছড়াতে এবং এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আহবান জানিয়েছেন অসহায় মানুষজন।
জানা গেছে, পৌষের শেষ এবং মাঘের প্রথম থেকেই রাত ৮টার পর থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে শহরের বিভিন্ন সড়ক। আবার কখনও কখনও দুপুরে কিংবা বিকেলেও সূর্যের আলোর দেখা মেলে না। ফলে সড়কে হেড লাইট জ্বালিয়ে চলাচল করে বিভিন্ন যানবাহন। এছাড়াও ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে নৌ-যান চলাচলেও হিমসিম খাচ্ছে চালকরা। শুধু তাই নয়, এই ঘন কুয়াশার কারণে শহরের বিভিন্ন সড়কে চুরি ছিনতাইয়ের ঘটনাও বৃদ্ধি পেয়েছে।
শহরের বিভিন্ন এলাকায় ঘুরে জানা গেছে, কনকনে ঠাণ্ডার কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষজন। এছাড়াও ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ার কারণে শিশুরা কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ফলে প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভিড় করছেন তাদের অভিভাবকরা।
এই শীতে শিশুদের ঠাণ্ডা জনিত রোগ প্রতিরোধে মায়েদের আরও সচেতন হতে এবং শিশুদের বাড়তি যত্ন নিতে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম।
অন্যদিকে এই ঘন কুয়াশার কারণে মানুষজন সহজে ঘরের বাইরে বের না হবার কারণে এবং সড়কে মানুষজনের চলাচল কম থাকার সুযোগে শহরের চণ্ডিবের-কালিপুর সড়কের সেতু এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা। গেল ১০ দিনে কমপক্ষে ৫টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা পথচারী ও বিভিন্ন সিএনজি যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ বেশ কয়েকটি মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে বলে জানায় তারা।
কথা হয় আগানগর ইউনিয়নের আকবর হোসেনের সাথে। তিনি জানান, গত কয়েক দিনে বেশ কয়েকটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফলে সন্ধ্যার পর কিংবা সকালে আমরা জরুরী প্রয়োজনেও শহরে যেতে সাহস পায় না। আর গেলেও সব সময় আতঙ্কে থাকি। কোন সময় জানি, কোন অঘটন ঘটে।
যদিও পুলিশ বলছে, এসব ছিনতাইয়ের ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলেও অবশ্যই অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান, ভৈরব থানার ওসি মো. শাহিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *