অধিগ্রহণকৃত প্রাথমিক শিক্ষকদের টাইমস্কেল ও পদোন্নতিসহ অন্যান্য সুবিধাদি পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ২৪ জানুয়ারি রোববার সকালে কুয়াশাচ্ছন্ন কনকনে শীতের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক শিক্ষক মানববন্ধন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে তাদের দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেছেন। এতে অর্থ মন্ত্রণালয়ের একটি পত্র প্রত্যাহার করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী শিক্ষকদের টাইমস্কেল ও পদোন্নতিসহ অন্যান্য সুবিধাদি পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর প্রাথমিক শিক্ষাই হচ্ছে মূল ভিত্তি। এই বাস্তবতা অনুধাবন করে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিদ্ধস্ত দেশের দুর্বল অর্থনৈতিক অবস্থার মধ্যেও ১৯৭৩ সালে দেশের উান্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে প্রায় ৩৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদের চাকুরি জাতীয়করণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্য ৫০০ টাকা বেতনের শিক্ষকদের শ্রমের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালের ৯ জানুয়ারি শিক্ষক মহাসমাবেশ ডেকে দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেন। এরপর বেসরকারি চাকুরির ৫০ ভাগ কার্যকর চাকুরিকালের ভিত্তিতে ও বিধিমালার ১২ ধারার ক্ষমতাবলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১৪ সালের ৫ জুন পরিপত্র জারি করে শিক্ষকদের টাইমস্কেলসহ সকল আর্থিক সুবিধাদি প্রদান করে। কিন্তু অর্থ মন্ত্রণালয় ২০২০ সালের ১২ আগস্টের এক পত্রে শিক্ষকদের টাইমস্কেল বাতিল করে ৮ বছর আগে থেকে গৃহীত অর্থ ফেরত নেওয়ার নির্দেশ জারি করে। এতে ৪৮ হাজার ৭২০ জন শিক্ষক চাকুরি জীবনের শেষ প্রান্তে এসে টাইমস্কেল, পি.আর.এল, জৈষ্ঠ্যতা ও পদোন্নতি থেকে বঞ্চিত হবেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। ফলে অর্থ মন্ত্রণালয়ের পত্রটি প্রত্যাহার করে পূর্বের সুবিধাদি বহাল রাখার জন্য স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে।