মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ৬১৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি প্রদান করা হয়েছে। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ শীর্ষক এ কার্যক্রমের আওতায় ইটনা সদর ও রায়টুটি ইউনিয়নে দু’টি ব্যারাক হাউজ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে ২৭০টি পরিবারকে। অন্যগুলো ২ শতাংশ খাস জায়গার ওপর দ্বিকক্ষের একটি করে সেমি পাকা ঘর দেয়া হয়েছে একক পরিবারকে। এর সঙ্গে বিদ্যুতায়ন এবং সুপেয় পানির জন্য টিউবওয়েলও দেয়া হচ্ছে।
কটিয়াদী উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘরের দলিল পাওয়াদের কয়েকজন। -পূর্বকণ্ঠ
আজ ২৩ জানুয়ারি শনিবার প্রধামন্ত্রীন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শাতাংশ জমিসহ ঘরের কবুলিয়ত দলিল, নামজারি, ঘর প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি এবং ৩ হাজার ৭১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ব্যারাক হাউজের কবুলিয়ত দলিল, নামজারি, ঘর প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম কটিয়াদী উপজেলা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন। কটিয়াদী উপজেলায় ৩৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের হাতে কবুলিয়ত দলিল, নামজারি, ঘর প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এসময় কটিয়াদী উজেলা চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকতারুন নেছাও যুক্ত ছিলেন। এক লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে দুই শতাংশ জায়গার ওপর দুই কক্ষের একেকটি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
উপজেলাওয়ারি হিসাব থেকে দেখা গেছে, সদর উপজেলায় ১০টি, হোসেনপুরে ২৯টি, কটিয়াদীতে ৫৯টি, পাকুন্দিয়ায় ৫১টি, করিমগঞ্জে ৩১টি, তাড়াইলে ৫০টি, ইটনায় ১৯৯টি, মিঠামইনে ৯টি, অষ্টগ্রামে ৩৭টি বাজিতপুরে ৪৯টি, নিকলীতে ২৪টি, কুলিয়ারচরে ২৯টি এবং ভৈরবে ৩৯টি পরিবারকে ঘর দেয়া হচ্ছে। অধিকাংশ জায়গায়ই নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। তবে কোথাও কোথাও নির্মাণ কাজ শেষের পথে। এসব আশ্রয়ণ প্রকল্প করা হচ্ছে একেকটি গ্রোথ সেন্টারের কাছাকাছি স্থানে, যেন শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ নানারকম সুবিধাদি সহজলভ্য হয়।
কটিয়াদীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেয়ার জন্য তৈরি ঘর পরিদর্শণ করছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। – পূর্বকণ্ঠ