কিশোরগঞ্জে জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ৩২তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। আজ ২৩ জানুয়ারি শনিবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভার তৃতীয় অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, আর বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান। চেম্বার পরিচালক এনায়েত করিম অমির সঞ্চালনায় সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মো. খালেকুজ্জামান, সহ-সভাপতি ইকবাল আহম্মেদ চৌধুরী অপু, জেলা নাসিবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলাউদ্দিন মাস্টার, পরিচালক বোরহান উদ্দিন, সাবেক পরিচালক অ্যাডভোকেট মো. শাহজাহান, পরিতোষ পাল প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ব্যবসায়ীদের স্বার্থে তাদের মধ্যে ঐক্য দরকার এবং ব্যবসায় সততা দরকার। ভ্রাম্যমাণ আদালতে অনেক সময় ব্যবসায়ীদের সচেতন করার জন্য জরিমানা করা হয়ে থাকে। তবে জরিমানার অঙ্কের চেয়েও সম্মানের বিষয়টি গুরুত্বপূর্ণ। অনেক প্রতিষ্ঠিত পরিচিত ব্যবসায়ী আছেন, তাদের অপরাধের গুরুত্ব অনুসারে অল্প টাকা জরিমানা হলেও তিনি চিরদিনের জন্য একজন অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে রইলেন। কাজেই সম্মানের দিকে খেয়াল রেখে বিশ্বস্ততা ও সততা বজায় রেখে প্রচলিত আইন মেনে ব্যবসা করলে কারো কোন সমস্যা হবার কথা নয়। তিনি সবাইকে সামাজিক দায়বদ্ধতা বজায় রাখার জন্যও আহবান জানিয়েছেন। বিশেষ অতিথি বলেছেন, চেম্বার একটি এলাকার অর্থনীতির প্রাণ। তিনি সততার সাথে ব্যবসা করার তাগিদ দিয়ে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে দ্রব্যমূল্য না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি করোনা সম্পর্কে চেম্বারের পক্ষ থেকে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন।