কিশোরগঞ্জে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) জনগণের মাঝে বিনামূল্যে উন্নতমানের মাস্ক বিতরণ করেছে এবং বিভিন্ন এলাকায় সচেতনতামূলক পথসভা করেছে। আজ ২৩ জানুয়ারি শনিবার সকালে জেলা সদরের জেনারেল হাসপাতাল প্রাঙ্গন থেকে এ কার্যক্রমের সূচনা করা হয়। এরপর জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর, বটতলা, ইসলামিয়া সুপার মার্কেট চত্বরসহ বিভিন্ন এলাকায় পথসভা ও মাস্ক বিতরণ করা হয়। জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এহসানুল হক, জেলা স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. শশাঙ্ক কুমার সূত্রধর, শিশু বিশেষজ্ঞ ডা. মো. মোহসীন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আতাউর রহমান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. হোসনা বেগম প্রমুখ। কর্মসূচিতে নার্সেস এসোসিয়েশনও অংশ নেয়।
বক্তাগণ বলেন, বিশ্বের উন্নত দেশগুলি যেখানে করোনা মোকাবেলায় হিমসিম খাচ্ছে, সেখানে সরকার ও স্বাস্থ্য বিভাগসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ অত্যন্ত সাফল্যের সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবেলা করে চলেছে। আর দেশের অনেক জেলার তুলনায় কিশোরগঞ্জের করোনা পরিস্থিতি অনেক ভাল আছে। করোনার টিকা ইতোমধ্যে বাংলদেশে আসতে শুরু করেছে। তবে সবাইকে এখনই টিকা দেওয়া সম্ভব হবে না। কাজেই সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে, মাস্ক ব্যবহার করলে সেটাই টিকার বিকল্প হিসেবে সুফল দেবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।