মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। আজ ২৩ জানুয়ারি শনিবার বেলা ১১টায় গণভবন থেকে জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের ৬৪টি জেলায় একযুগে গৃহহীনদের হাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির কাগজপত্র ও গৃহের চাবি তুলে দেন।
এ ধারাবাহিকতায় ভৈরব উপজেলার ৩০ পরিবারের মধ্যে জমির কাগজপত্র ও গৃহের চাবি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন উপস্থিত থেকে ভৈরবের গৃহহীনদের হাতে জমির কাগজপত্রসহ গৃহের চাবি তুলে দেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা ২০২০ এর মাধ্যমে দেশের সকল উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকগণের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন ৮ লক্ষ ৮৫ হাজার ৬২২টি পরিবারের তালিকা করা হয়। এই তালিকা ক ও খ শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে গৃহ নির্মাণের উপযোগী প্রত্যেককে ২ শতাংশ খাস জমিতে গৃহনির্মাণ করে এতে বিদ্যুৎ সংযোগ ও টিবওয়েল সংযোগসহ বাড়িটি একযুগে ৬৬ হাজার ১৮৯টি পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়। পর্যায়ক্রয়ে বাকীদেরও খুব দ্রুত গৃহ ও জমি প্রদান করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার উপহার গৃহহীনদের মাঝে আজ ভৈরবে ৩০টি পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। ভৈরব ভূমি অফিসের কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তা খুব দ্রুত করতে সক্ষম হয়েছি। আজ ৩০ পরিবারের মাধ্যমে কালিকাপ্রসাদ সিদ্দিরচর আশ্রয়ণ প্রকল্পে ৭টি ঘর, সাদেকপুর ভূমি অফিসের পাশে খাস জমিতে ৫টি ঘর ও আগানগরের নবীপুর আশ্রয়ণ প্রকল্পে ১৮টি ঘরসহ মোট ৩০টি ঘর প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে ভৈরবে আরো গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমি ও নির্মাণাধীন ঘর প্রদান করা হবে বলে জানান তিনি।
ভূমিহীন হতদরিদ্র দিলিপ চন্দ্র বর্মন, নূরজাহান বেগম ও নার্গিস বেগম হাতে বাড়ির চাবি ও জমির কাগজ পেয়ে কেঁদে দেন। এ সময় কান্নারত চোখে প্রধানমন্ত্রীর বৈয়সী প্রশংসা করেন তারা। তারা বলেন, আমরা জীবনেও কল্পনা করতে পারিনি আমাদের একটি বাড়ি হবে, থাকার জায়গা পাব। আজ বঙ্গবন্ধুর কন্য জননেত্রী শেখ হাসিনার কারণে আমরা বাড়ি ও থাকার মতো জায়গা পেয়েছি। এ নেত্রী বেঁচে থাকলে আমরা অনেক কিছু পাব। এ সময় তারা কান্নারত চোখে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।