কিশোরগঞ্জে ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব’ শীর্ষক সেমিনার হয়েছে। সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়েছে, আমাদের দেশে দক্ষ জনশক্তির অভাবে বিদেশীরা এদেশে কাজ করায় প্রতি বছর প্রায় ৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অন্য দেশে চলে যাচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির (নাসিব) যৌথ উদ্যোগে আজ ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সেমিনারের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মো. আল আমিন সরকার। শিল্প মন্ত্রণালয়ের অপর যুগ্ম-সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দারের মূল প্রবন্ধ উপস্থাপনের পর প্রধান অতিথিসহ আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, নাসিব কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা নূরুল গণি শোভন, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল, জেলা নাসিব সভাপতি মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন প্রমুখ।
প্রবন্ধে বলা হয়, ২০১৮ সালের ১৬ মার্চ জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এখন আমাদের লক্ষ্য উন্নত দেশের কাতারে যাওয়া। সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের এটি একটি বড় অর্জন। সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাচ্ছে। যে কোন দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে অধিক উৎপাদনশীলতা। প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা সত্বেও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে প্রবন্ধে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে উন্নয়নকামী বেশিরভাগ দেশ তার নাগরিকদের শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। অথচ শ্রমের উৎপাদনশীলতা বাংলাদেশে এখনো কম। উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অন্যান্য আর্থিক সুযোগ বৃদ্ধি পায়। বাংলাদেশে প্রশিক্ষিত শ্রমিকের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় আমরা উৎপাদনশীলতায় পিছিয়ে আছি। দক্ষ জনশক্তির অভাবে শুধুমাত্র আমাদের উৎপাদনশীলতাই ব্যাহত হচ্ছে না, অনেক বিদেশী আমাদের দেশে কাজ করছেন এবং এ কারণে প্রতি বছর প্রায় ৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অন্য দেশে চলে যাচ্ছে। মানসম্পন্ন কাঁচামালের অভাবেও উৎপাদন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় বলে প্রবন্ধে উল্লেখ করা হয়। এর সঙ্গে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
প্রধান অতিথি বলেছেন, বঙ্গবন্ধু প্রথম ১৯৫৭ সালে শিল্প মন্ত্রণালয়ে ‘পাকিস্তান ক্ষুদ্র শিল্প কর্পোরেশন’ বিল উত্থাপন করেছিলেন। যার ধারাবাহিকতায় বিসিক প্রতিষ্ঠা হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ দিয়েই সকল উন্নত দেশ এগিয়েছে। আমাদের বিদেশি পণ্যের বিকল্প দেশী পণ্য, মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে হবে। এখন ডিজিটাল পদ্ধতিতে বাড়িতে বসেই বিভিন্ন কাজে আবেদন করা যাচ্ছে। এটাও একটা উৎপাদনশীলতা। ডিজিটাল বাংলাদেশ গঠন করে প্রধানমন্ত্রী উৎপাদনশীলতা বাড়িয়ে দিয়েছেন। সকল স্তরের জনগণই এই উৎপাদনশীলতা ভোগ করছেন। তিনি উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেছেন।