করোনা মোকাবেলায় প্রশংসনীয় সাফল্যের পথে কিশোরগঞ্জ। আজ শনাক্ত হওয়া নতুন দুই রোগিসহ জেলায় মোট রোগি আছেন মাত্র ৪২ জন। তবে ১৩ উপজেলার মধ্যে ৬ উপজেলা এখন করোনামুক্ত। দুই অঙ্কের রোগি আছেন মাত্র দুই উপজেলায়। অর্থাৎ কেবল সদর এবং ভৈরবে আজ সোমবার রোগি আছেন ১৬ জন করে। হোসেনপুর, তাড়াইল আর অষ্টগ্রামে রোগি মাত্র একজন করে। এছাড়া বাজিতপুরে ৪ জন আর পাকুন্দিয়ায় আছেন ৩ জন। আজ পর্যন্ত জেলায় সুস্থতার হার ৯৭ ভাগ।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষায় সদর ও ভৈরবে একজন করে নতুন রোগি শনাক্ত হয়েছে। নেগেটিভ হয়েছে ৩২টি নমুনা। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪১টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ সুস্থ হয়েছেন ৫ জন। এরা সদর ও ভৈরবে ২ জন করে, আর মিঠামইনে একজন। আজ নতুন শনাক্তসহ জেলায় চিকিৎসাধীন আছেন মোট ৪২ জন।
আজ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৬ জন। মারা গেছেন ৬১ জন। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৪১৩ জন। আজ পর্যন্ত জেলায় সুস্থতার হার শতকরা ৯৭ ভাগ, আর মৃত্যু হার ১ দশমিক ৭৩ ভাগ। স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল মহলের চেষ্টার ফলে এ জেলা সাফল্যের সঙ্গে করোনা মোকাবেলা করছে বলে অভিজ্ঞজনদের ধারণা। তবে জনগণ সচেতন হলে, নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে চললে পরিস্থিতির আরো উন্নতি সম্ভব বলেও মনে করা হচ্ছে।