আমলাতন্ত্রের নিয়ন্ত্রণমুক্ত সাংবিধানিক ও মর্যাদাপূর্ণ ক্ষমতার দাবিতে কিশোরগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ মানববন্ধন ও মতবিনিময় কর্মসূচি পালন করেছেন। আজ ১৭ জানুয়ারি রোববার সকালে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ঢাকা বিভাগীয় চেয়ারম্যান পরিষদের সাধারণ সম্পাদক কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইয়াছির মিয়া, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মোস্তাকুর রহমান, করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ, তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
কর্মসূচিতে বক্তাগণ বলেন, সাংবিধানিকভাবে উপজেলা চেয়ারম্যানদের যে ক্ষমতা দেয়া আছে, আমলাতন্ত্রের কারণে সেই ক্ষমতাও চেয়ারম্যানরা ভোগ করতে বা প্রয়োগ করতে পারেন না। উপজেলা নির্বাহী অফিসারদের স্বাক্ষর ছাড়া চেয়ারম্যানরা তাদের সম্মানি ভাতাও উত্তোলন করতে পারেন না। তাদেরকে ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে উপ-সচিবের মর্যাদা দেয়া হলেও উপজেলা নির্বাহী অফিসারগণই তাদেরকে মর্যাদা দিতে চান না। উপজেলার অধিকাংশ কমিটিতে চেয়ারম্যানদের বাদ দিয়ে উপজেলা নির্বাহী অফিসারগণ সভাপতি থাকেন। যে কয়েকটি কমিটিতে চেয়ারম্যানরা সভাপতি আছেন, সেই কমিটিগুলোর সভাও নির্বাহী অফিসারগণ করতে চান না। তারা জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সেসব প্রতিশ্রুতি মোতাবেক তারা কোন কাজই করতে পারেন না। এর জন্য জনগণের কাছে জবাব দিতে হচ্ছে, লজ্জা পেতে হচ্ছে। ভাইস চেয়ারম্যানদের অবস্থা আরো নাজুক। প্রাপ্য অধিকার আদায়ে প্রয়োজনে জনসমাবেশ করা হবে বলেও কোন কোন বক্তা হুশিয়ারি উচ্চারণ করেছেন। তারা জানান, চেয়ারম্যানদের সাংবিধানিক ক্ষমতার দাবিতে হাইকোর্টে রিট করা হয়েছে। আদালত থেকে মন্ত্রী পরিষদ সচিব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়েছে। বক্তাগণ এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে একটি সুষ্ঠু সমাধান দাবি করেছেন। সারাদেশে একযোগে এই মানববন্ধন ও মতবিনিময় কর্মসূচি পালিত হচ্ছে বলে বক্তাগণ জানিয়েছেন।