নির্ধারিত সময়সীমার পরও নির্বাচনী প্রচারণা চালানোর কারণে কিশোরগঞ্জ সদর পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. পারভেজ মিয়াকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। ১০ জানুয়ারির স্বাক্ষরে নোটিশে উল্লেখ করা হয়েছে, নিষেধাজ্ঞা থাকার পরও ওই প্রার্থী ১০ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে পাগলা মসজিদের পাশে হারুয়া এলাকায় নির্বাচনি সভা ও মিছিল এবং শোডাউন করেছেন, মাইক্রোফোন ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন। যা পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৫ এর বিধি-১১ এর উপবিধি (২) এবং বিধি ২১ এর উপবিধি (২) এর সুস্পষ্ট লংঘন। এর ফলে ওই প্রার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা এ নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করার জন্য নোটিশে অনুরোধ জানানো হয়েছে।