কিশোরগঞ্জে নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্রকল্প নিয়ে কর্মশালা হয়েছে। বেসরকারি সংস্থা ‘পপি’র উদ্যোগে এর জেলা সেন্টারে আজ ২৩ ডিসেম্বর বুধবার দুপুরে প্রকল্প সমন্বয়কারী মুহাম্মদ ফদিুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান। এরপর প্রতিপাদ্য বিষয়ের ওপর বিশেষ অতিথি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান এবং জেলা মহিলা অধিপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ ছাড়াও আলোচনা করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা মাহফুজুল ইসলাম, অধ্যক্ষ সাজিদা ইয়াসমিন, মহিলা পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হামিদা বেগম, যুগ্ম-সম্পাদক বিলকিস বেগম, কাজী ফজলুল হক প্রমুখ।
প্রধান অতিথি বলেছেন, সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের পাশাপাশি অংশিদারিত্বও প্রয়োজন। অনেক সময় জাল জন্মনিবন্ধন বানিয়ে বাল্যবিয়ের আয়োজন করা হয়। এক্ষেত্রে ভোটের কথা চিন্তা করে জনপ্রতিনিধিরাও অনেক সময় সহযোগিতা করেন। অনেক কাজীরাও এসব কাজে জড়িয়ে পড়েন। এগুলি রুখতে হবে। এফিডেভিটের মাধ্যমে বিয়ের কোন আইনগত ভিত্তি নেই। কেউ এগুলি করলে আইনী ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে কিশোরগঞ্জে তিনজন নোটারি পাবলিকের নিবন্ধন বাতিল হয়ে গেছে।
বিভিন্ন তথ্যসূত্রের উদ্ধৃতি দিয়ে কর্মশালার মূল প্রবন্ধে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে সারাদেশে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে ৫৮৩টি, গণধর্ষণ হয়েছে ১৯৮টি, ধর্ষণের পর খুনের ঘটনা ২৫টি, ধর্ষণের পর আত্মহত্যার ঘটনা ২২টি, ধর্ষণের চেষ্টা হয়েছে ১৫৯টি, যৌন হয়রানি হয়েছে ১৮০টি। একই সময়ে বালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৬৩টি, গণধর্ষণ হয়েছে ৭৯টি, ধর্ষণের পর খুনের ঘটনা ২৫টি, ধর্ষণ চেষ্টা ১৪১টি, ধর্ষণের পর আত্মহত্যা ৭টি, আর যৌন হয়রানি ৪১টি। এই সময়ে সারাদেশে যৌতুকের জন্য নরীর প্রতি সহিংসতার ঘটনা ১৫৫টি, শারীরিক নির্যাতন ৮১টি, নির্যাতনের কারণে মৃত্যু ৭৪টি এবং মামলা হয়েছে ১২৫টি।
আর কিশোরগঞ্জে চলতি বছর এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত নারী এবং বালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে ৫৯টি। নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা হয়েছে ১৫৩টি। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত নারীর প্রতি সহিংসতা হয়েছে এক হাজার ৬৬৪টি। শারীরিক নির্যাতন হয়েছে ৩৪০টি। মানসিক নির্যাতন হয়েছে ৯৮৬টি। যৌন নিপীড়ন হয়েছে ৩৬টি। আর্থিক নিপীড়ন হয়েছে ৩০২টি। বাল্যবিয়ে হয়েছে ৩৮৪টি। এর মধ্যে নিবন্ধনের মাধ্যমে বিয়ে হয়েছে ২০০টি, আর ১৬০টি হয়েছে এফিডেভিটের মাধ্যমে। বাকি ২৪টি বিয়ে হয়েছে মৌলভীর মাধ্যমে। তবে এই সময়ের মধ্যে ৯৩টি বাল্যবিয়ে বন্ধও করা হয়েছে।
এসব ঘটনা মোকাবেলায় সুপারিশ করা হয়েছে কোভিড পরিস্থিতির মধ্যে আইন শৃংখলা বাহিনীর অগ্রাধিকারমূলক ভূমিকা রাখার। দ্রুত গ্রেফতার এবং বিচারের জন্যও সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্যগত, আইনী সহায়তা, কাউন্সেলিং, খাদ্য, জীবিকা এবং অন্যান্য সহায়তার জন্যও সুপারিশ করা হয়েছে। কোভিড পরিস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বাধাহীন ভূমিকা রাখার লক্ষ্যে ভার্চুয়াল কোর্ট অধ্যাদেশকে সক্রিয় করারও সুপারিশ করা হয়েছে। ধর্ষণ, বাল্যবিয়ে এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে সারা জেলায় প্রচার ও সচেতনতা তৈরির উদ্যোগ গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।