আগামী শনিবার ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত হাম-রুবেলার টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগ সংবাদ সম্মেলন করেছে। আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেছেন, কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী ৮ লাখ এক হাজার ৩০৫ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। এর জন্য ৮ হাজার ২৪৯টি টিকাদান কেন্দ্রে ৭ হাজার ১০৩ জন কর্মি কাজ করবেন। প্রতিটি ইউনিয়ন বা পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে প্রথম তিনটি ওয়ার্ডে দুই প্রথম দুই সপ্তাহ টিকা দেয়া হবে। পরের দুই সপ্তাহ অন্য তিন ওয়ার্ডে টিকা দেয়া হবে। পরের দুই সপ্তাহ শেষ তিনটি ওয়ার্ডে টিকা দেয়া হবে। তবে টিকাদান কর্মসূচি শেষ হওয়ার পরেও যদি কোন ওয়ার্ডে টিকাবিহীন শিশুর সন্ধান পাওয়া যায়, তাহলে সেখানে আরো ৬দিন টিকাদান কার্যক্রম চালানো হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বে বছরে হাম-রুবেলায় এক লাখ ৪০ হাজার শিশু মারা যায়। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাম-রুবেলাকে ২০১৯ সালে বিশ্ব সঙ্কট হিসেবে ঘোষণা করেছিল। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এহসানুল হক, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. এমএ মতিন।