• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে জয়িতা পুরস্কার বিতরণ জেলা থকে জাতীয় পর্যায়ে জয়িতা হওয়ার প্রত্যাশা

ক্রেস্ট ও সনদ গ্রহণ করছেন জেলার অন্যতম শ্রেষ্ঠ জয়িতা ডা. তাসলিম আরা নীলা। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে জয়িতা পুরস্কার বিতরণ
জেলা থকে জাতীয় পর্যায়ে
জয়িতা হওয়ার প্রত্যাশা

# মোস্তফা কামাল :-

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কিশোরগঞ্জে নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা জানানো হয়েছে। তাদের মধ্যে থেকে জাতীয় পর্যায়ে জয়িতা নির্বাচিত হওয়ারও কামনা করা হয়েছে। আজ ৯ ডিসেম্বর বুধবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে মহিলা অধিদপ্তরের আয়োজনে জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদের সভাপতিত্বে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, আর বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে জেলা পর্যায়ে ৫ জন আর সদর উপজেলা পর্যায়ে ৫ জন নির্বাচিত জয়িতাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। জেলার অন্য ১২টি উপজেলায়ও একযোগে জয়িতা সংবর্ধনা দেয়া হয়েছে।

অতিথিদের সঙ্গে ক্রেস্ট হাতে জেলা ও সদর উপজেলার নির্বাচিত জয়িতাগণ। -পূর্বকণ্ঠ
জেলা পর্যায়ে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে কাজ করার জন্য পাকুন্দিয়ার বুরুদিয়া এলাকার খাইরুজ্জামানের মেয়ে নিলুফা আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্যের জন্য সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের স্ত্রী ডা. তাসলিম আরা নীলা, অর্থনৈতিক সাফল্যের জন্য সদর উপজেলার মহিনন্দ এলাকার শফিকুল আলমের স্ত্রী তানিয়া আক্তার, সফল জননী ভৈরবের কালিমপুর মধ্যপাড়ার প্রয়াত মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম ও সমাজ উন্নয়নে ভৈরবের চণ্ডিবের মোল্লাবাড়ির সুমন মোল্লার স্ত্রী ওয়াহিদা বিনতে আমিন পলি জয়িতা সম্মাননা পেয়েছেন।
এছাড়া সদর উপজেলায় শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্যের জন্য সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের স্ত্রী ডা. তাসলিম আরা নীলা, সফল জননী জেলা শহরের শহীদ হায়দার রোগের বাসিন্দা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজালের স্ত্রী কোহিনূর বেগম, অর্থনৈতিক সাফল্যের জন্য সদর উপজেলার মহিনন্দ এলাকার শফিকুল আলমের স্ত্রী তানিয়া আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে কাজ করা জেলা শহরের বত্রিশ এলাকার মো. শহিদুল্লাহর মেয়ে মোছা. শাওন ও সমাজ উন্নয়নে শহরের নগুয়া এলাকার এটিএম শহীদুল ইসলামের স্ত্রী তাহমিনা ইসলামকে জয়িতা সম্মাননা দেয়া হয়েছে।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেছেন, সময় এবং পরিপ্রেক্ষিত বিবেচনায় বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের পথিকৃৎ। তখন নারীরা ছিলেন অন্দরমহলের বাসিন্দা। এখন নারীরা অনেক এগিয়ে গেছে। নারীরাই একটি পরিবারের নিইক্লিয়াস। আজকে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। আজকে পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠত হচ্ছে। আমাদেরকে আগামী প্রজন্ম গড়ে তোলার জন্য মানসম্মত শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। প্রধান অতিথি জেলা এবং উপজেলা পর্যায়ে নির্বাচিত জয়িতাদের অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে কিশোরগঞ্জের জয়িতাদের মধ্যে থেকে যেন জাতীয় পর্যায়েও জয়িতা নির্বাচিত হতে পারেন, সেই কামনা করেছেন।

ক্রেস্ট ও সনদ গ্রহণ করছেন জেলার অন্যতম জয়িতা সাংবাদিক ওয়াহিদা বিনতে আমিন পলি। -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *