কিশোরগঞ্জে কিশোর অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে সদর থানা পুলিশের উদ্যোগে ব্লক রেইড চলছে। গত দু’দিনে শহরের বিভিন্ন এলাকা থেকে ২০ কিশোরকে আটক করা হয়েছে। সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, প্রতিদিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এসময় কিশোর বয়সী কাউকে বাইরে পেলেই আটক করে থানায় আনা হচ্ছে। মঙ্গলবার রাতে এরকম ৮ জনকে আটক করা হয়। আর বুধবার রাতে আটক করা হয় ১২ জনকে। এদের মধ্যে কেউ ওয়ান্টেড না থাকলে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। এরকম অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানিয়েছেন।