ভৈরব পৌরসভার জগন্নাথপুর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মিন্টু মিয়ার ২ ছেলে নাঈম হোসেন (২০) ও আবিদ হোসেন (১৯), লক্ষ্মীপুর এলাকার সাংবাদিক মৃত আবুল কালাম আজাদের ছেলে ওয়ান নিউজ ও দৈনিক শতাব্দীর কণ্ঠ ভৈরব প্রতিনিধি সাংবাদিক মহিশীনুর রহমান হৃদয় (হৃদয় আজাদ) (২৩) ও পৌর শহরের কমলপুর মধ্যপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২১) কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ১৮ নভেম্বর বুধবার রাত সোয়া ১১টায় সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোল চত্বর থেকে ৬৬ বোতল ফেনসিডিল, একটি ওয়াকিটকি, একটি স্টীলের লাঠি, একটি জীপ গাড়ি ও মাদক বিক্রির নগদ অর্থসহ তাদের আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ভৈরবের এই চক্রটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে জীপে করে জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রেতাদের কাছে মাদক বিক্রি করে থাকে। এমন তথ্য যাচাইয়ের পর তার সত্যতা পেলে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে ১৮ নভেম্বর বুধবার রাতে আশুগঞ্জ গোল চত্বর এলাকায় অভিযান চালায়। রাত সোয়া ১১টায় একটি জীপ গাড়ী সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ প্রান্তে আসলে র্যাব সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাসী চালায়। এ সময় গাড়িতে থাকা ভৈরব পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মিন্টু মিয়ার ছেলে নাঈম হোসেন ও আবিদ হোসেন, লক্ষ্মীপুর এলাকার সাংবাদিক মৃত আবুল কালাম আজাদের ছেলে ওয়ান নিউজ ও দৈনিক শতাব্দীর কণ্ঠ ভৈরব প্রতিনিধি সাংবাদিক মহিশীনুর রহমান হৃদয় ও পৌর শহরের কমলপুর মধ্যপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে মো. রুবেল মিয়াকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গাড়িতে রাখা স্কুল ব্যাগে তল্লাসী করে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় জীপ গাড়িটি জব্দসহ তাদের কাছ থেকে ব্যবহৃত একটি ওয়াকিটকি ও মাদক বিক্রির ৭০ হাজার টাকা পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, দীর্ঘদিন এই চক্রটি ভৈরবে মাদক বিক্রি করে আসছে এমন তথ্য থাকলেও র্যাবের নিরবিচ্ছিন্ন নজরদারী চালানোর পর তার সত্যতা পাওয়া যায়। বুধবার তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে মাদকের একটি বড় চালান নিয়ে ভৈরবের দিকে আসছে এমন তথ্যের উপর ভিত্তি করে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ প্রান্তে অভিযান চালানো হয়। এ সময় মাদক চক্রের চার সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ফেনসিডিল, একটি ওয়াকিটকি ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত জীপ গাড়িটি জব্দ করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।