মোস্তফা কামাল :
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে ১৬ মার্চ সোমবার ১২৩ জন কোয়ারেন্টাইনে ছিলেন। এরা ইতালি ও চীনসহ বিভিন্ন করোনা ভাইরাস সংক্রমিত দেশ থেকে এসেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, কোয়ারেন্টাইনে থাকা ১২৩ জনের মধ্যে ভৈরবে আছেন ৫৮ জন। এছাড়া সদর উপজেলা, অষ্টগ্রাম এবং কুলিয়ারচরেও কোয়ারেন্টাইন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোয়ারেন্টাইন শেষ করে ২৩ জনকে কোন সংক্রমণ না পাওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে।
জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক জানিয়েছেন, তার হাসপাতালে ৪৮ কক্ষবিশিষ্ট একটি ভবন কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ১০০ জনকে রাখা যাবে। এছাড়া আক্রান্ত রোগীদের জন্য পৃথক ভবনে ২০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। আর হাসপাতাল স্টাফ থেকে কুইক রেসপন্স টিমে ২৩ জনের জনবল প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত এই হাসপাতালে কাউকে কোয়ারেন্টাইনে রাখার প্রয়োজন হয়নি, কোন আক্রান্ত রোগীও ভর্তি হয়নি। জেলা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালেও কুইক রেসপন্স টিমসহ ১০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। ভৈরবের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানিয়েছেন, ভৈরবের ট্রমা সেন্টারকেও ৫০ জনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আর কুইক রেসপন্স টিমের জন্য ৯ জনকে প্রস্তুত রাখা হয়েছে। তবে ট্রমা সেন্টারে এখনো কাউকে রাখা হয়নি। সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন।