কিশোরগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদের সভাপতিত্বে আজ ১৪ অক্টোরব বুধবার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম খান মাসুম, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও ইসলামিক ফাউন্ডেনের স্টাফ মো. মাহবুবুল ইসলাম। এসময় জেলা প্রশাসক ইমামদের প্রতি চলমান করোনা মহামারিতে নিজেরা সতর্ক থেকে জনগণকে সচেতন ও সতর্ক করার বিষয়ে ভূমিকা পালনের আহবান জানিয়ে বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা ইমামদেরকে ধর্মীয় নেতা মেনে তাদের কথা প্রতিপালনের চেষ্টা করেন। মানুষের মাঝে এখন মাস্ক ব্যবহারের মাত্রা অনেক কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, আসন্ন শীত মৌসুমে করোনা মহামারি আরো বাড়তে পারে। কাজেই এখন থেকে সচেতন না হলে, পরিস্থিতি আরো ভয়াবহ পর্যায়ে চলে যাবে। এমনিতেই করোনার কারণে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যসহ সকল অর্থনৈতিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই তুলনায় বরং বাংলাদেশ অনেকটা ভাল আছে। স্বাস্থ্যবিধি মানলে আরো ভাল থাকা যাবে। চলমান নারী নির্যাতনের বিরুদ্ধেও মানুষকে সচেতন করার জন্য জেলা প্রশাসক ইমামদের প্রতি আহবান জানিয়েছেন। সিভিল সার্জন বলেছেন, ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্ক পরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ। এক সময় করোনা সম্পর্কে প্রচণ্ড ভীতি কাজ করলেও মানুষ এখন সেই ভীতি থেকে বেড়িয়ে এসেছে। তবে স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখনো কিশোরগঞ্জে সংক্রমণের মাত্রা মোটামুটি নিয়ন্ত্রণে আছে, সুস্থতার হারও বেশি। সবাই সচেতন হলে পরিস্থিতি আরো উন্নত করা সম্ভব। অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, সমাজের সকল অনাচার অবিচারের বিরুদ্ধে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তারা তাদের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সমাজের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন বলেও তিনি মন্তব্য করেন। জেলায় ২৬০ জন ইমাম প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবায়নের ক্ষেত্রে ভৈরবের নোমান মিয়া প্রথম, সদরের মো. ইছামুদ্দিন দ্বিতীয় ও বাজিতপুরের লোকমান হোসেন তৃতীয় স্থান লাভ করেছেন।