বৃষ্টিপাত আর বন্যার দোহাই দিয়ে কিশোরগঞ্জে এখন আমিষের চেয়ে নিরামিষের বাজারে আগুন। মাছ-মাংস মোটামুটি স্থিতিশীল দামে বিক্রি হচ্ছে। বরং মাছের দাম অন্যান্য সময়ের তুলনায় এখন বেশ কম। কিন্তু শাকসবজির বাজার বেজায় চড়া। নিম্ন আয়ের এবং নির্দিষ্ট আয়ের সাধারণ ভোক্তাদের এখন নাস্তানাবুদ অবস্থা। বাংলাদেশে প্রতিবছরই এই সময়ে বৃষ্টিপাত হয়। আঞ্চলিক বন্যাও প্রতি বছরই হয়ে থাকে। তবে কিশোরগঞ্জের সবজি আবাদের মূল এলাকাগুলোতে কোন বন্যা নেই। অথচ এবার যে অগ্নিমূল্যে এখানে শাকসবজি বিক্রি হচ্ছে, অন্যান্য বছর সবজি বাজারের এরকম বেসামাল অবস্থা ছিল না।
এখন কিশোরগঞ্জের বিভিন্ন বাজারে পটল, ঢেঁরশ, করলা আর বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। চিচিংগা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। পেঁপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। লাল গোল আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি। শীতকালের মত এত সুস্বাদু না হলেও একটি ছোট আকারের লাউ এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। অথচ শীতকালে একই আকারের লাউ বিক্রি হয় ২০ টাকায়। ছোট ছোট ফুলকপি বিক্রি হচ্ছে একটি ৩০ টাকায়। এমনিতেই পেঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের চড়া দামে সাধারণ জনগণ নাকাল হচ্ছে। এখনো এখানকার বাজারে বাইরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। আর দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। এর ওপর সবজির চড়া দামে মানুষ আর কুলিয়ে উঠতে পারছে না।