ভৈরবে গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় ভৈরব পৌর শহরের কমলপুর এলাকায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। উদ্ধারের পর ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা না আত্মহত্যা এ নিয়ে গৃহবধূর পরিবার ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে চলছে দ্বিমত। ২ সন্তানের জননী নিহত গৃহবধূর নাম রিয়া (৩৫)। সে ওই এলাকার মৃত সোহাগ মিয়ার স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ ৫ বৎসর আগে নিহতের স্বামী সোহাগ মিয়া সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার পরিবারের দুটি সন্তান নিয়ে কষ্টে দিনযাপন করছিল রিয়া। সোমবার সন্ধ্যায় নিজ ঘরের জানালার রিলিংয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, কেউ বলছে সম্পত্তির লোভে রিয়াকে হত্যা করা হয়েছে, আবার কেউ বলছে কষ্টে হতাশ হয়ে সে আত্মহত্যা করেছে।
নিহতের ভাই মো. মুছা মিয়া জানান, আমার বোনকে শ্বশুর বাড়ির লোকজন দীর্ঘদিন যাবত অত্যাচার করে আসছিল। সোমবার শ্বশুর বাড়ির লোকজন মারধর করে জানালার রিলিংয়ে ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে অপপ্রচার চালাচ্ছে। তবে আমি এ বিষয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করব।
নিহতের শ্বশুর বাড়ির লোকজনের দাবী হতাশাগ্রস্ত হয়ে স্বামী হারা রিয়া আত্মহত্যা করেছে।
পশ্চিম পাড়া যুব সংঘের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোস্তফা কামাল জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রিয়ার ঝুলন্ত লাশ দেখে সন্দেহ হয়। দীর্ঘদিন যাবত রিয়ার উপর তার শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে যাচ্ছিল। এ বিষয়ে কয়েক দফা সালিশ দরবারও হয়েছিল উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কাউন্সিলরের উপস্থিতিতে। এলাকাবাসীসহ সকলের পক্ষে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট মহলের কাছে বিচারের দাবি জানান।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ জানান, সোমবার সন্ধ্যা ৭টায় কমলপুর এলাকায় রিয়া নামে এক গৃহবধূর জানালার রিলিংয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করতে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।