১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ইভেন্টগুলোর মধ্যে ছিল রচনা, চিত্রাংকন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনলাইন ভিত্তিক বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। এছাড়া উপজেলার ২১টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে জানি ও মুক্তিযুদ্ধকে জানি একটি শিক্ষামূলক ভিডিও প্রতিযোগিতা। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাদিরা আক্তার, একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম প্রমুখ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিসা বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে এ করোনা পরিস্থিতিতে ভৈরবের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান করা হুমকি স্বরূপ। তাই উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক অনলাইন ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক, রচনা, চিত্রাঙ্কন ও বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও ভৈরবে ২১টি স্কুলের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে জানি ও মুক্তিযুদ্ধকে জানি একটি শিক্ষামূলক ভিডিও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩টি স্কুল বিজয়ী হয়। এছাড়াও বিভিন্ন স্কুলের ৪৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়। তবে এ প্রতিযোগিতা অনুষ্ঠান দীর্ঘদিন যাবত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, অভিভাবক উপস্থিত ছিলেন।