কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা আদালতের সহকারী জজ উম্মে হাবিবার খাস কামরা থেকে ব্যাগ চুরি হয়ে গেছে! ব্যাগে জাতীয় পরিচয়পত্র, এটিএম কার্ড, নগদ টাকাসহ কিছু মূল্যবান কাগজপত্র ছিল।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে উম্মে হাবিবা বিচার কাজ পরিচালনার কাজে তার আদালতের এজলাসে ছিলেন। বিচার কাজ শেষে তিনি খাস কামরায় গিয়ে দেখেন তার ব্যাগটি নেই। এ ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, পুলিশ এ ব্যাপারে তৎপরতা চালাচ্ছে। ব্যাগ উদ্ধার এবং অপরাধী ধরার চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, সহকারী জজ উম্মে হাবিবার স্বামী মো. আশিকুর রহমান কিশোরগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। এদিকে আদালত চত্বরে, বিশেষ করে বিচারকের খাস কামরায় এধরনের চুরির ঘটনা বেশ উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক। তিনি এর দ্রুত সুরাহা কামনা করেছেন এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।