কিশোরগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ও ৯৪৫ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক মোহাম্মদ আক্কাছ আলী জানিয়েছেন, র্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার গাগলাইল বাজার এলাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিরন্দনগর এলাকার আব্দুল বারেকের ছেলে আতিকুল ইসলাম (২২), গাগলাইল এলাকার ফজলুর রহমানের ছেলে জহিরুল ইসলাম (২৩) ও মঞ্জিল ভূঁইয়ার ছেলে আনোয়ার (২৭), পার্শ্ববর্তী কর্শকাড়িয়াইল এলাকার আব্দুল হাশিমের ছেলে মো. কাইয়ুম (৪০) ও মৃত আব্দুল মালেকের ছেলে ওবায়দুল্লাহকে (২৬) আটক করেছে। তাদের কাছ থেকে ৭৭০ পিস ইয়াবা, ৯৪৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১১শ’ টাকা ও ৫টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।