• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে হত্যা মামলায় এক সহোদরের মৃত্যুদণ্ড অপরজনের যাবজ্জীবন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু তাহেরসহ (বামে) দণ্ডিতদের কারাগারে নেয়া হচ্ছে। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে হত্যা মামলায়
এক সহোদরের মৃত্যুদণ্ড
অপরজনের যাবজ্জীবন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের আদালতে একটি হত্যা মামলার রায়ে এক সহোদরের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন ও তাদের দুই ভাগ্নের ১০ বছরের কারাদণ্ড হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজের ১নং আদালতের বিচারক মো. আব্দুর রহিম বৃহস্পতিবার দেয়া তার রায়ে ভিকটিমের চাচা কুলিয়ারচরের মধ্য গোবরিয়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে আবু তাহেরকে ফাঁসি ও এক লাখ টাকা জরিমানা, তাহেরের সহোদর সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, তাদের দুই ভাগ্নে সামছুল হকের ছেলে মিজানুর রহমান ও নজরুল ইসলামকে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। মজিবুর রহমান মজনু নামে ভিকটিমের সৎ ভগ্নিপতিকে খালাস দেয়া হয়েছে। এসময় সকল আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তাদেরকে গত মঙ্গলবার ২৫ আগস্ট পুলিশ বাড়ি থেকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল।
মামলার এজাহার ও বাদীর বিবরণে জানা যায়, সম্পত্তির বিরোধের জের ধরে ২০০৮ সনের ১৮ মার্চ গভীর রাতে কুলিয়ারচরের মধ্য গোবরিয়া গ্রামের মৃত আবু সাঈদের বিধবা স্ত্রী নিঃসন্তান জুমেলা খাতুনকে (৪০) তার ঘরে ঢুকে একই গোষ্ঠীর আসামিরা কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন। মুমূর্ষু অবস্থায় জুমেলাকে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই ফুল মিয়ার স্ত্রী পরশা আক্তার বাদী হয়ে পরদিন কুলিয়ারচর থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা (মামলা নং ৯) দায়ের করেন। মামলাটি এক পর্যায়ে সিআইডি’র কাছে হস্তান্তর হলে পরিদর্শক কাজী কামাল উদ্দিন ২০১১ সনের ২১ মার্চ আবু তাহের, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, নজরুল ইসলাম ও মুজিবুর রহমান মজনুকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। বৃহস্পতিবার আদালত উপরোক্ত রায় ঘোষণা করেন। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌশুলি এপিপি সৈয়দ শাহজাহান, আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রহমান।
রায় ঘোষণার সময় মামলার বাদী পরশা আক্তার আদালতে উপস্থিত ছিলেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, আসামিদের অত্যাচারে তিনি অনেক দিন ধরে বাড়িছাড়া। নিজ বাড়ি ছেড়ে তিনি পার্শ্ববর্তী পিরিজপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *