কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৯টায় উপজেলা ভূমি অফিস সংলগ্ন বঙ্গবুন্ধ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, কুলিয়ারচর থানা, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান, সহকারী কমিশনার (ভূমি) সারমিন সাত্তার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস-চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ, পৌর আওয়ামী লীগ সভাপতি নিজাম ক্বারী, সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেলসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পুরাতন কোর্ট বিল্ডিং চত্বরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী’র সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।