কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ পালন উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান এতে সভাপতিত্ব করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার উপস্থিত সংবাদকর্মীসহ অন্যান্যদের হাম-রুবেলা টিকাদান সম্পর্কে অবহিতকরণ সভায় জানান, ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সি সকল শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে। এছাড়া পূর্বে হামের টিকা বা এমআর টিকা দেয়া থাকলেও অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হলেও ওই বয়সের সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেয়া হবে। এ সময় তিনি করোনা ভাইরাস সম্পর্কেও সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে তা মোকাবেলা করার জন্য সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।