• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা, হাওরে বেড়াতে গেলে লাগবে লাইফ জ্যাকেট সাঁতার জানা

কিশোরগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা
হাওরে বেড়াতে গেলে লাগবে
লাইফ জ্যাকেট সাঁতার জানা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় উদ্বেগের সঙ্গে জানানো হয়েছে, এবারের বর্ষায় বিভিন্ন জায়গা থেকে হাওর দেখতে আসা হাজার হাজার পর্যটকদের অনেকেরই পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবারও একজন কলেজ শিক্ষক ও এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। যারা বাইরে থেকে হাওরের অপরূপ অনাবিল নৈসর্গিক সৌন্দর্য দেখতে যান, তাদের অনেকেই সাঁতার জানেন না। তারা হাওরের গভীরতা, স্রোত আর ঢেউসহ হাওরের আচরণ সম্পর্কে কিছুই জানেন না। ফলে অনেকেই কৌতুল নিয়ে সাগরসদৃশ হাওরের টলমলে পানিতে গোসল করতে নেমে যান। তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। আবার নৌকায় মোটরসাইকেলসহ অতিরিক্ত পর্যটক উঠে গভীর হাওরে যাবার পর নৌকা ডুবির ঘটনাও ঘটে। এভাবেও অনেকের মৃত্যু ঘটে। ফলে আইন শৃংখলা কমিটির সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী সভায় সিদ্ধান্ত জানিয়েছেন, এখন করোনার কারণে এমনিতেই হাওরে পর্যটকদের অবাধ যাতায়াতের অনুমতি দেয়া যাবে না। এরপরও সীমিত পরিসরে কেউ যেতে চাইলে তাকে সাঁতার জানতে হবে এবং নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা থাকতে হবে। অন্যথায় তাদেরকে হাওরে ঢুকতে দেয়া যাবে না।
আজ রোববার সকাল সাড়ে ১১টা থেকে পৌনে দু’ঘণ্টা জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা, নিকলী উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদ, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।
পুলিশ সুপার বলেছেন, সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হয়, সেগুলি বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। যানজট কমাতে হলে শহরের রাস্তার ধারণক্ষমতা অনুযায়ী যানবাহনের অনুমোদন দিতে হবে। আর করোনা মোকাবেলা হোক, ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা হোক, পুলিশ বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে সবসময় সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। জেলার আইন শৃংখলা পরিস্থিতি ভাল রাখার ক্ষেত্রেও পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে করোনার বিস্তার ঠেকাতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন। সিভিল সার্জন বলেছেন, কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি দেশের অনেক জেলার চেয়ে ভাল। এমনকি সুস্থতার হারও জাতীয় সুস্থতার হারের চেয়ে অনেক বেশি। স্বাস্থ্য বিভাগকে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী অকুন্ঠ সহযোগিতা করে যাচ্ছে। এই তিন সার্ভিসের অনেকেই করোনায় আক্রান্তও হয়েছেন। তবে এসব বিভাগের কেউ এখন পর্যন্ত মারা যাননি। অধিকাংশই সুস্থ হয়ে কাজে ফিরেছেন। সকল মহলের সহযোগিতার ফলেই কিশোরগঞ্জ এখনো অনেক ভাল অবস্থানে আছে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালনের ক্ষেত্রে সবাইকে আরো আন্তরিক হতে হবে বলে সিভিল সার্জন মনে করেন। মেয়র মাহমুদ পারভেজ বলেন, শহরে যানজন নিরসনে পৌরসভা কাজ করছে। পৌর এলাকার জন্য অনুমোদিত অটোরিকশা ছাড়া অন্যান্য অটোরিকশা শহরে চলতে দেয়া যাবে না। তিনি পৌর এলাকায় নরসুন্দার কচুরিপানা পরিষ্কার করার কাজের সূচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন।
জেলা প্রশাসক বলেছেন, শহরের আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সিসি ক্যামেরা স্থাপনের জন্য কার্যাদেশ তৈরি হয়ে গেছে। অচিরেই এগুলি স্থাপনের কাজ শুরু করা হবে। তিনি বাসে সরকার নির্ধারিত ভাড়া ও যাত্রী পরিবহনের ক্ষেত্রে দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণের ক্ষেত্রে পরিবহন মালিক ও শ্রমিকদের আন্তরিক হওয়ার আহবান জানান। এর জন্য কঠোর তদারকি করা হবে বলেও তিনি বলেছেন। করোনার বিস্তার নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রয়োজনে জুন মাসে জেলায় ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে ২২ লাখ ৬২ হাজার ২৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে, যা ঢাকা বিভাগে সর্বোচ্চ। অবৈধভাবে বালু উত্তোলনের জন্য চারজনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ আইনেও দু’জনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কিশোরগঞ্জ গত জুলাাই মাসে ই-ফাইলিং কার্যক্রমে ঢাকা বিভাগে তৃতীয় হয়েছে। গত মাসে পাসপোর্ট অফিসের ১২৭৪টি ফাইলের মধ্যে সবগুলিরই পুলিশ সুপার কার্যালয়ে নিষ্পত্তি হয়েছে বলেও জেলা প্রশাসক জানিয়েছেন। তিনি করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন। বিলম্ব হলে অনেক সময় রোগির অবস্থা জটিল হয়ে যায়। তখন তাকে বাচাঁনো কঠিন হয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *