কিশোরগঞ্জের করিমগঞ্জ ও মিঠামইন সীমান্তের হাওরে বেড়াতে গিয়ে এক কলেজ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অপর এক কলেজ ছাত্র। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার চরপুক্কিয়া গ্রামের সামছুল ইসলামের ছেলে টাঙ্গাইলের সখিপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক হাদিউর রহমান রুবেল (৩৫) ও চরপুক্কিয়া গ্রামের কায়মুল ইসলামের ছেল কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের ছাত্র একরামুল ইসলাম সৌরভ (২০) ৮ আগস্ট শনিবার বিকালে করিমগঞ্জ ও মিঠামইনের মধ্যবর্তী হাওরের হাসানপুর সেতুর কাছে নৌভ্রমনে যান। এক পর্যায়ে তারা সেখানে হাওরের পানিতে নেমে গোসল করার সময় তলিয়ে যান। খবর পেয়ে নৌপুলিশ গিয়ে শিক্ষক রুবেলের লাশ উদ্ধার করতে পারলেও সৌরভের সন্ধান করতে পারেনি। আজ ৯ আগস্ট রোববার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একজন স্টেশন অফিসার ও তিনজন ডুবুরি ঘটনাস্থলে গেছেন। ডুবুরিরা হাওরের পানিতে নেমে অনুসন্ধান চালাচ্ছেন। সকাল ১০টা পর্যন্ত সৌরভের মৃতদেহের সন্ধান পাওয়া যায়নি।