‘বঙ্গমাতার ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’- এ শ্লোগানকে প্রতিপাদ্য করে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ভৈরবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও বৃক্ষরোপন। আজ ৮ আগস্ট শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহীন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসমিন।
আলোচনা সভায় বক্তারা ফজিলাতুন নেছা মুজিব এর জীবনী সম্পর্কে আলোকপাত করে বঙ্গবন্ধুর সহধর্মিনী হিসেবে তার ত্যাগ ও তার সুন্দর সাহসিকতার বিবরণ তুলে ধরেন। সারা বিশ্বের কয়েকজন আদর্শ নারীর মধ্যে তিনি একজন। যার সংসার জীবনের আত্মত্যাগে জীবন সঙ্গী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের বুকে জাতির জনক বঙ্গবন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
এ বিষয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, আমার সৌভাগ্য আমি বঙ্গবন্ধুর সান্নিধ্যে যেতে পেরেছি ও তার আদর্শে রাজনীতি করছি। তার ডাকে যুদ্ধ করেছি। বঙ্গবন্ধু সৃষ্টির পেছনে প্রথম মানুষ তার সহধর্মিনী শেখ ফজিলাতুন নেছা মুজিব। আমার সৌভাগ্য হয়েছে আমি উনাকে কয়েকবার সামনে থেকে দেখেছি, কথা বলেছি। খুব অল্প বয়সে বিবাহ জীবনে সন্তানদের নিয়ে কঠোর মানসিকতা নিয়ে সামনে এগিয়েছেন। বঙ্গবন্ধুকে খুব একটা কাছে না পেলেও বঙ্গবন্ধুকে পেছন থেকে সাহস যুগিয়েছেন। এ সময় তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা পরিবারের নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করেন।
এ বিষয়ে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে বঙ্গবন্ধুর পাশাপাশি শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ভূমিকাও ছিল অপরিসীম। তিনি এমন একজন নারী ছিলেন, যার ত্যাগের কারণে যুদ্ধ বিধ্বস্ত দেশকে বঙ্গবন্ধু এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। নারীদের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর সাথে একাত্মতা প্রকাশ করে গেছেন প্রতিনিয়ত। এ দেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলতে জিয়াসহ স্বৈরাচাররা বঙ্গবন্ধু-বঙ্গমাতাসহ পুরো পরিবারকে হত্যা করেছিলেন। ভাগ্যের পরিক্রমায় বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশকে ডিজিটাল দেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু বিরোধী দলীয় বিএনপি নেত্রী খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান, লুৎফর রহমান বাবরসহ অন্যান্যরা প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিল। এ সময় প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা পরিবারের জন্য দোয়া কামনা করে বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন নেছাসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতি লুবনা ফারজানা বলেন, আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিবকে কাছ থেকে দেখিনি। কিন্তু আমি তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেছি। তার কার্যক্রমে, কর্মদক্ষতায় বুঝতে পেরেছি বঙ্গমাতা কেমন নারী ছিলেন। বঙ্গমাতা নারীদের অধিকারে বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন। এ সময় তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের পরিবারের সকলের জন্য দোয়া কামনা করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বার সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের পক্ষ থেকে ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিবস উপলক্ষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ৬ জন নারী উদ্যোক্তাকে ৬টি সেলাই মেশিন প্রদান করেন।