• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

সংবাদ সম্মেলন করে বিচার দাবি, মিথ্যা এজাহারে সৎ ভাই জেল খাটলেন ১০ দিন!

সংবাদ সম্মেলন করে বিচার দাবি
মিথ্যা এজাহারে সৎ ভাই
জেল খাটলেন ১০ দিন!

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কান্দিগ্রামের বাসিন্দা সৎভাই মেহেদী হাসান সোহেলকে (৪৫) অপর সৎ বড়ভাই মাহবুবুর রহমান ছোটন (৫২) থানায় মিথ্যা এজাহার দিয়ে ১০ দিন জেল খাটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কারাভোগকারী সোহেল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আজ ৭ আগস্ট শুক্রবার সকালে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে সোহেল জানান, তাদের বাবা সাইদুর রহমান ২০১৬ সালে মারা গেছেন। এর পর থেকে তাকে সৎভাই ছোটন পৈত্রিক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করে আসছেন। তিনি গত ২১ জুন কুলিয়ারচর থানায় বড়ভাই ছোটনের দায়ের করা মামলার এজাহারের কপি দেখিয়ে বলেন, এতে ছোটন লিখেছেন, আগের দিন ২০ জুন পার্শ্ববর্তী দাড়িয়াকান্দি এলাকার দোকান ভাড়ার টাকার ভাগ চাইলে ছোটভাই মেহেদী হাসান সোহেল শাবল নিয়ে ছোটনের ওপর আক্রমণ করেন। এসময় সোহেল শাবল দিয়ে ছোটনের মাথা ও হাত-পায়ে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করেছেন। এজাহারে এও বলেছেন, ছোটনকে আহত অবস্থায় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তৎকালীন ওসি আব্দুল হাই তালুকদার ৩২৬ ও ৩০৭ ধারাসহ বিভিন্ন ধারা যুক্ত করে এজাহারটি ২১ জুন মামলা (নং ১২) হিসেবে রেকর্ড করেন। আর এদিনই সোহেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সোহেল ১০ দিন কারাবাসের পর জামিনে বেরিয়ে এসেছেন।
মামলা করার একমাস পর ২১ জুলাই কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিক্যাল সার্টিফিকিট ইস্যু করা হলে তাতে মাথায় কোন আঘাতের উল্লেখ পাওয়া যায়নি। এমনকি কুলিয়ারচর থানা থেকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ছোটনের চিকিৎসা সনদ চেয়ে স্মারকমূলে একটি চিঠি পাঠালে এর জবাবে গত ১৬ জুলাই হাসপাতালের উপ-পরিচালক অধ্যাপক মোহাম্মদ খালেকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, মাহবুবুর রহমান ছোটন নামে কেউ তাদের হাসপাতালে ভর্র্তি হননি! তবে কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল সার্টিফিকেটে ছোটনের বাম হাঁটুর কাছে চামড়ায় চার ও দুই সে.মি. ঘষার দাগ, বাম বাহুতে আঁচাড়ের দাগ এবং বাম কাধে ফোলা ব্যথার কথা উল্লেখ করা হয়েছে। এদিকে মেহেদী হাসান সোহেল সংবাদ সম্মেলনে উল্টো অভিযোগ করেন, তাকেই বরং ছোটন ও তার ছেলে সেদিন আহত করেছিলেন। আর ছোটন হয়ত অন্য কোনভাবে ব্যথা পেয়ে থাকবেন। তবে মাহবুবুর রহমান ছোটনকে তার মাথায় শাবলের আঘাত ও জহুরুল ইসলাম হাসপাতালে ভর্তি নিয়ে মিথ্যাচার সম্পর্কে এ প্রতিনিধি প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
কুলিয়ারচর থানার বর্তমান ওসি সুলতান মাহমুদকে এসব বিষয়ে প্রশ্ন করলে বলেন, যদি বাদী কোন মিথ্যাচার করে থাকেন, তাহলে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে ভিকটিম কথা বললে একটি প্রতিকার পেতে পারেন। আর পূর্ববর্তী ওসি মাদারিপুরে বদলি হয়ে গেছেন বলেও তিনি জানিয়েছেন। এদিকে অন্যায়ভাবে জেল খাটানোর জন্য মেহেদী হাসান সোহেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দায়ীদের শাস্তি দাবি করেছেন। প্রয়োজনে তিনি আইনের আশ্রয় নেবেন বলেও জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *