ভৈরবে কুরবানির মাংস বিতরণকে কেন্দ্র্র করে প্রতিপক্ষের হামলায় শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাহ আলম কুলিয়ারচর বিদ্যুৎ বিতরণ ও সরবরাহ কেন্দ্রে সহকারী লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। ১ আগস্ট শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা নেয়ার পথে মারা যায়। এদিকে নিহতের খবর এলাকায় পৌঁছলে তার স্বজনরা ২ আগস্ট রোববার সকালে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে দু’টি পাকা ভবনসহ প্রায় ২০টি ঘর ভাঙচুর করেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত স্বজনদের হামলার শিকার বাড়ি ঘর। – পূর্বকণ্ঠ
স্থানীয়রা জানায়, উপজেলার শিমুুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে ঈদের দিন বিকালে জান মাহমুদের বাড়ি হোসেন মিয়ার সাথে কুরবানির মাংস (প্রতিবেশীদের মাঝে বিতরণের মাল্লত) নিয়ে একই গ্রামের বাওরার বাড়ির মজনু মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। পরে বিষয়টি স্থানীয়রা সমাধান করলেও ফের বাওরার বাড়ির লোকজন জান মাহমুদের বাড়ির লোকজনের উপর হামলা করে। এসময় প্রতিপক্ষের হামলায় নিহত শাহ আলম মাথায় লাকড়ির আঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকায় নেয়ার পথে শাহ আলম মারা যায়। সে কান্দিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। এছাড়াও নিহত শাহ আলম দুই সন্তানের জনক ছিলেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছে।
নিহত স্বজনদের হামলার শিকার বাড়ি ঘর। – পূর্বকণ্ঠ