কিশোরগঞ্জে গত ২৪ ঘন্টায় নমুনার সংখ্যানুপাতে এযাবত কালের সর্বোচ্চ করোনা রোগি শনাক্ত হয়েছে। ৪৫টি নমুনায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪৬ দশমিক ৬৭ ভাগ। সদর উপজেলাতেই ১৯ জন শনাক্ত। সদর উপজেলায় মারাও গেছেন একজন। তবে ২৪ ঘন্টায় জেলায় সুস্থও হয়েছেন ১৪ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে রোববার রাতে পাওয়া ৪৫টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, নতুন শনাক্ত হওয়া ২১ জনের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, ভৈরব ও নিকলীতে একজন করে। পুরনো একজনের নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ২৩টি নমুনা। সদর উপজেলায় একজন করোনায় মারা গেছেন। আর ২৪ ঘন্টায় সদর উপজেলায় ১০ জন, ভৈরবে ৩ জন ও তাড়াইলে একজনসহ মোট ১৪ জন সুস্থ হয়েছেন। এখন জেলায় মোট করোনা রোগি চিকিৎসাধীন আছেন ২৩০ জন। এদের মধ্যে সদর উপজেলাতেই সর্বোচ্চ ১২২ জন, আর দ্বিতীয় সর্বোচ্চ রোগি আছেন ভৈরবে ৪০ জন। তবে মিঠামইন এখন করোনাশূন্য।
এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন মোট ৩৮ জন। ভৈরবে সর্বোচ্চ ১৪ জন ও সদর উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ ৯ জন মারা গেছেন। জেলার ১৩ উপজেলার মধ্যে কেবল পাকুন্দিয়া ও অষ্টগ্রাম ছাড়া সকল উপজেলাতেই এক বা একাধিক রোগি মারা গেছেন। শুরু থেকে এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২,০৪৯ জন, মারা গেছেন ৩৮ জন, সুস্থ হয়েছেন ১,৭৮১ জন। বর্তমানে জেলায় চিকিৎসাধীন আছেন ২৩০ জন। কিশোরগঞ্জে এ পর্যন্ত সুস্থতার হার ৮৬ দশমিক ৯২ ভাগ। আর মৃত্যুহার ১ দশমিক ৮৫ ভাগ।