করোনার সংক্রমণ এড়াতে ঈদুল ফিতরের পর এবার ঈদুল আজহার জামাতও কিশোরগঞ্জের মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সরকারের ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন ঈদগা বা খোলা মাঠে জামাত আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছিল। যে কারণে জেলার সকল ঈদগার পাশাপাশি এবারো ২৭০ বছরের প্রাচীন শোলাকিয়া ঈদগা ফাঁকা ছিল। জেলার ৫ হাজার ১২৫টি মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। আগের দিন ভারী বৃষ্টিপাত এবং ঈদের সকালেও গুড়ি গুড়ি বৃষ্টি হলেও জামাতের আগে থেকে আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠে যায়। ফলে নামাজ আদায়সহ সবাই স্বস্তির সঙ্গে কোরবানী দিতে পেরেছেন।
উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক কিশোরগঞ্জ জেলা প্রশাসনও জেলার সকল মসজিদ কমিটিকে নির্দেশনা দিয়েছিল প্রয়োজনে মসজিদগুলোতে একাধিক জামাত আয়োজনের। সেই সঙ্গে সবাই যেন স্বাস্থ্যবিধি অনুসরণ করেন, অবশ্যই মাস্ক পরেন, বাসা থেকে যার যার জায়নামাজ নিয়ে মসজিদে যান, সর্বোপরি জামাতের আগে যেন মসজিদগুলোকে জীবানুমুক্ত করে নেয়া হয়, সে ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছিল। এছাড়া নামাজশেষে কেউ যেন অন্যের সঙ্গে হাত মেলানো বা কোলাকুলি না করেন, সেদিকে সতর্ক থাকার জন্যও নির্দেশনা দেয়া হয়েছিল। জেলা সদরের প্রধান দুই মসজিদ পাগলা মসজিদ ও শহীদি মসজিদে সকাল ৮টা ও ৯ টায় দু’টি করে জামাত অনুষ্ঠিত হয়েছে। পাগলা মসজিদের জামাতে ইমামতি করেন খতিব মাওলানা আশরফ আলী এবং শহীদি মসজিদে ইমামতি করেন মাওলানা সামছুল ইসলাম। জমাতশেষে বাংলাদেশসহ মুসলিম উম্মারহর শান্তি-সমৃদ্ধি ও করোনার বিপদ থেকে নাজাতের জন্য দোয়া করা হয়। প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে জামাত আয়োজনের ব্যাপারে তৎপর ছিলেন। এরপরও বহু মুসল্লিকে মাস্ক ছাড়া নামাজে দাঁড়াতে দেখা গেছে। তিন ফুট দূরত্বও অনেক ক্ষেত্রেই মানা হয়নি।