পবিত্র ঈদুল আজহা উপক্ষে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডা. বুলবুল আহম্মদ ভৈরববাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর বাণীতে বলেন, মুসলিম বিশ্ব এবার এক পরিবর্তিত পরিস্থিতিতে ঈদুল আজহা পালন করছে। বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের কারণে এ বছর মক্কায় হজব্রত পালিত হচ্ছে সীমিত আকারে। বাংলাদেশের মানুষ নভেল করোনাভাইরাসের পাশাপাশি বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। এই অবস্থায় ঈদুল আজহা এসেছে ত্যাগের মহিমা নিয়ে।
ঈদুল আজহার দিনটি ইসলামের ইতিহাসে ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে আছে। পবিত্র ঈদুল আজহা পালন করা হয় আল্লাহর রাহে প্রিয় বস্তু উৎসর্গ করে। এই উৎসর্গ করার আনুষ্ঠানিক দিকটি হলো কুরবানি। কুরবানির মধ্য দিয়ে আল্লাহর বান্দা তার নৈকট্য লাভের দিকে অগ্রসর হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ আরো বলেন, সমগ্র মুসলিম জাহান পবিত্র ঈদুল আজহা পালনের মধ্য দিয়ে ত্যাগ ও ভালোবাসার দৃষ্টান্ত মানব সমাজের কাছে তুলে ধরছে। বছর বছর এই পবিত্র দিনটি ঘুরে ঘুরে এসে আমাদের কাছে এই শিক্ষা বহন করে যে, অন্তরের পশুপ্রবৃত্তি বিসর্জন না দিয়ে কখনই মানব সমাজ কল্যাণের পথে, মঙ্গলের পথে অগ্রসর হতে পারে না। কুরবানি তাই নিছক পশু হত্যা নয়, কবির ভাষায়, ‘সত্যাগ্রহ শক্তির উদ্বোধন’।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ তাঁর বাণীতে ভৈরববাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা যারা পশু কুরবানি করবেন তারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে পশু কুরবানি করবেন। সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনার অভাবে প্রতি বছরই দেশের সর্বত্র কুরবানিকৃত পশুর রক্ত ও উচ্ছিষ্টাংশে পরিবেশ মারাত্মক দূষিত হয়। তাছাড়া বর্তমানে করোনা ভাইরাসের পাশাপাশি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। তাই পশুর জবাইয়ের সাথে সাথে রক্ত ও উচ্ছিষ্টাংশসহ যাবতীয় পশুর বর্জ্য পুতে ফেলুন। পশুর বর্জ্য থেকে রোগবালাই ছড়ায়। এ জন্য কুরবানির আগে-পরে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। যেহেতু করোনাকাল, সেহেতু কুরবানির সময় পরিবেশের পাশাপাশি করোনা স্বাস্থ্যবিধির প্রতিও বিশেষ খেয়াল রাখতে হবে।
পৌরসভা বা ইউনিয়ন পরিষদের একটি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার আগ পর্যন্ত পরিবেশ দূষণমুক্ত রাখতে আমাদেরই এগিয়ে আসতে হবে। নিজের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করে কিছুটা হলেও সামাজিক দায় মেটাতে হবে। সবমিলে সচেতনতা এবং ধর্মীয় অনুশাসনই পারে কুরবানির পর আমাদের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।