পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভৈরব পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ভৈরব পৌরবাসী তথা দেশের সকল মুসলমানকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
বাণীতে মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহা। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কুরবানি করতে উদ্যত্ত হয়েছিলেন, এটি মহান আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, আনুগত্য ও আত্মত্যাগের সুমহান দৃষ্টান্ত। হযরত ইব্রাহিম (আ.) ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা চিরকাল অনুসরণ ও অনুকরণীয়।
বাণীতে মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ আরো বলেন, কুরবানির ত্যাগ, শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সামনে রেখে আগামীর সুন্দর ভৈরব নগরী গড়তে সহায়কের ভূমিকা পালন করবেন বলে আশা রাখছি। প্রিয় ভৈরববাসীর কাছে আমার অনুরোধ পৌর এলাকার রাস্তা ঘাটে পশু কুরবানি করবেন না। নিজ বাড়ির আঙ্গিনায় কুরবানির ব্যবস্থা করুন। কুরবানির পর পশুর উচ্ছৃষ্ট অংশ মাটিতে পুতে ফেলুন। পশু কুরবানির পর ওই স্থান পানি ও ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিবেন। পরিচ্ছন্ন শহর ও দূষণমুক্ত পরিবেশ রাখতে সকলে এগিয়ে আসবেন।
আসুন, কুরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা।
পরিশেষে করোনাভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। ভৈরব পৌরবাসী ও আমার প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।